hadith book logo

ইসলামে সুন্নাহ’র অবস্থান

লেখকঃ শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

আভিধানিক অর্থে সুন্নাত:

সুন্নাত ( السنة ) শব্দটি আভিধানিক অর্থে তরিকা বা পদ্ধতি অর্থে ব্যবহৃত; আল্লাহ তা‘আলা বলেন:

﴿ فَهَلۡ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلۡأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبۡدِيلٗاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحۡوِيلًا ٤٣ ﴾ [ فاطر : ٤٣ ]

[তবে কি এরা প্রতীক্ষা করছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত পদ্ধতির? কিন্তু আপনি আল্লাহর পদ্ধতিতে কখনও কোন পরিবর্তন পাবেন না এবং আল্লাহর পদ্ধতির কোন ব্যতিক্রমও লক্ষ্য করবেন না। - (সূরা ফাতির: ৪৩)]; অর্থাৎ পদ্ধতি অথবা স্বভাব বা রীতি, যার উপর ভিত্তি করে রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্নকারী বিরোধীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার বিধান জারি হয়; সুতরাং তাদের ক্ষেত্রে আল্লাহ তা‘আলার বিধান হল: তাদেরকে শাস্তি প্রদান করা এবং তাদের কর্তৃক রাসূলদের বিরুদ্ধাচরণ করার কারণে তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করা।

আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

« لتتبعن سنن من كان قبلكم .» ( أخرجه البخاري و مسلم )

“তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতির অনুসরণ করবে।” [বুখারী, আস-সহীহ: ৩ / ১২৭৪ / হাদিস নং- ৩২৬৯; মুসলিম, আস-সহীহ: ৪ / ২০৫৪ / হাদিস নং- ২৬৬৯] অর্থাৎ তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের রীতিনীতি; সুতরাং এটা প্রমাণ করে যে, আভিধানিক অর্থে সুন্নাত ( السنة ) শব্দটি পদ্ধতি বা রীতিনীতিকে বুঝায়।

আর শরীয়তের আলেম, মুহাদ্দিস, উসূলবীদ ও ফকীহগণের পরিভাষায় সুন্নাত ( السنة ) শব্দটি দ্বারা উদ্দেশ্য হল: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বীকৃত ও প্রমাণিত কথা, অথবা কাজ, অথবা মৌনসম্মতি; তাঁদের কেউ কেউ আরও একটু বৃদ্ধি করে বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীকেও সুন্নাত ( السنة ) বলা হয়; সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসব বিষয় থেকে যা প্রমাণিত হয়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ( سنة الرسول ) বলা হয়; আর সুন্নাতের এই সংজ্ঞাটি শরী‘য়তের বিষয়ে প্রাজ্ঞ আলেমগণের পক্ষ থেকে প্রদত্ত।