hadith book logo

মেধাস্বত্ব ও কপিরাইট আইন

লেখকঃ মাওলানা আবুল কালাম আযাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

কপিরাইট অফিসের প্রধান প্রধান দায়িত্ব ও কর্তব্য :

কপিরাইট আইন/২০০০ এর ৯ ধারা অনুযায়ী কপিরাইট অফিস প্রতিষ্ঠা করতে হবে। কপিরাইট অফিস একটি আধা বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। এই আইনের উদ্দেশ্য পূরনকল্পে কপিরাইট অফিস, কপিরাইটের রেজিস্ট্রারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থাকবে এবং কপিরাইট রেজিস্ট্রার সরকারের তত্ত্বাবধায়ন ও নির্দেশ সাপেক্ষে তার দায়িত্ব পালন করবেন। প্রধান দায়িত্ব নিম্নরূপ হবে।

১। কপিরাইট রেজিস্ট্রেশন ও সনদপত্র প্রদান...

২। প্রশাসন সংক্রান্ত যাবতীয় কার্য সম্পাদন।

৩। কপিরাইট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উদ্ভুত বিরোধ নিষ্পত্তির জন্য শুনানী অনুষ্ঠান ও সাক্ষ্য গ্রহণ।

৪। বিদেশী ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ কিংবা পুনঃ প্রকাশের লাইসেন্স মঞ্জুরীকরণ।

৫। সম্প্রচারের কোন কোন বিদেশী কর্মের বাংলায় অনুবাদ করার লাইসেন্স প্রদান।

৬। ক্ষতিগ্রস্থ পক্ষের অভিযোগের ভিত্তিতে কপিরাইট রেজিস্ট্রীকৃত কোন কর্মের অবৈধ কপির আমদানির ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

৭। জাতীয় স্বার্থে কোন সাহিত্য কিংবা নাট্যকর্মের অনুবাদ, প্রকাশ কিংবা পুনরুৎপাদন এর লাইসেন্স মঞ্জুরীকরণ।

৮। কবিতা, সাহিত্য, কিংবা বই-পুস্তক জনসাধারনের নিকট প্রকাশের উদ্দেশ্যে কোন কোন ক্ষেত্রে রয়্যালিটি নির্ধারণ।

৯। কপিরাইট সোসাইটি/সমিতি নিবন্ধন, পরিচালনা, পরিদর্শন ইত্যাদিসহ উক্ত সোসাইটি সমিতি কর্তৃক সংগৃহীত ফি/ রয়্যালিটি অথবা চার্জ ইত্যাদির যৌক্তিকতা যাচাই ও নিয়ন্ত্রণ।

১০। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে ‘‘ইউনেস্কো’’ কর্তৃক পরিচালিত ইউনিভার্সেল কপিরাইট কনভেনশন,WIPO কর্তৃক পরিচালিত বার্ণ কনভেনশন এবং WTO কর্তৃক পরিচালিত TRIPS চুক্তি থেকে কপিরাইট ও নেইবারিং রাইটস সংক্রান্ত উদ্ভুত দায়-দায়িত্ব পালন এবং সরকারকে পরামর্শ দান। উল্লেখ্য যে, বাংলাদেশ বর্তমানে ওই সমস্ত সংস্থা/ কনভেনশন/ চুক্তির সদস্য বিধায় যাবতীয় দায়-দায়িত্ব পালনে বাধ্য।

১১। জাতীয় কপিরাইট তথ্যকেন্দ্র পরিচালনা।

১২। কপিরাইট বোর্ডে আপিল গ্রহণ ও কপিরাইট বোর্ড মিটিং আহবান ও পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত কিংবা রায় কার্যকরীকরণ।

উল্লেখ্য যে, রেজিষ্ট্রার অব কপিরাইটস্ পদাধিকার বলে বোর্ডের সদস্য সচিব এবং কপিরাইট বোর্ড একটি অবৈতনিক বোর্ড যা কোন কোন ক্ষেত্রে দেওয়ানী আদালতের ভূমিকা পালন করে থাকে।

১৩। রেজিস্ট্রেশনের জন্য প্রাপ্ত কপিরাইট যুক্ত কর্মের রক্ষনাবেক্ষণ।

১৪। কপিরাইট রুলসের সংশোধন উন্নয়নের দায়িত্ব এবং এই ব্যপারে সরকারকে সময়ে সময়ে পরামর্শ দান।

১৫। রাজস্ব অর্জনকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন।

১৬। অন্যান্য সংবিধিবদ্ধ কার্যাবলী কপিরাইট বোর্ড পরিচালনায় সংশ্লিষ্ট কার্যাবলী যেমন সমন প্রদান করা এবং কোন ব্যক্তির উপস্থিতি, নিশ্চিত করা এবং তাকে শপথ পূর্বক পরীক্ষা করা, কোন দলিল প্রদর্শন এবং উপস্থাপনা করানো, হলফনামাসহ সাক্ষ্যগ্রহণ, সাক্ষ্য বা দলিল পরীক্ষার জন্য কমিশন মঞ্জুর করা, কোন আদালত বা কার্যালয় থেকে কোন সরকারী নথি বা তার অনুলিপি তলব করা ও নির্ধারিতব্য অন্য যে কোন বিষয় এ অফিসের দায়িত্বের সাথে সম্পর্কযুক্ত।