hadith book logo

একজন সফল শিক্ষকের গুণাবলি

লেখকঃ মুহাম্মাদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

দুই. সঠিক শুরু:

ক্লাস শুরুর প্রথম ৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে ছাত্রদের সচেতনতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। তাই এ সময়টুকু যেন সঠিকভাবে ব্যবহৃত হয় সে ব্যাপারে গুরুত্ব দিতে হবে। শিক্ষক ক্লাসে প্রবেশের পূর্বেই যেন ছাত্ররা প্রস্তুতি নিয়ে বসে থাকে, ক্লাসে ঢোকার সাথে সাথে যেন কলম চোখানো, কেতাব বা খাতার পাতা উল্টানো, ব্যাগ থেকে কিতাবপত্র বের করা ইত্যাদি কর্ম বন্ধ হয়ে যায় এ ব্যাপারে সজাগ থাকতে হবে।

ক্লাসে প্রবেশের পর লিখিত প্লান অনুযায়ী শিক্ষক অগ্রসর হবেন। প্লান থেকে বিচ্যুত হবেন না। ক্লাসে প্রবেশ করে ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করুন। মুহূর্তকাল চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এ কাজটি সম্পন্ন হতে পারে।

পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পুরো ক্লাসের প্রতি তাকান।

ক্লাসের সকল ছাত্রের প্রতি নজর বুলান। পুরো ক্লাস আপনার নখদর্পনে ছাত্রদেরকে এ অনুভূতি দিন।

বাড়ির কাজ দেওয়া থাকলে তা সংগ্রহ করুন।

খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে পাঠদান শুরু করুন।

ধীরে ধীরে এগিয়ে চলুন। ছাত্ররা যা জানে তা দিয়ে শুরু করুন।

বিশুদ্ধ ভাষায় কথা বলুন।

সঠিক শুরু নিশ্চিত করতে আপনি যা যা বর্জন করবেন:

ক্লাসে কখনোই দেরি করে প্রবেশ করবেন না। হঠাৎ করে ক্লাসে ঢুকবেন না। আপনি ক্লাসে আসতে যাচ্ছেন এ বিষয়ে ছাত্রদেরকে জানান দিন, যাতে তারা প্রস্তুত হয়ে নীরবতা বজায় রেখে বসে থাকে।

নির্দিষ্ট কোনো ছাত্র বা পুরো ক্লাসকে বকা-ঝকা দিয়ে ক্লাস শুরু করবেন না।

পরিপাটি ও গোছানো আকারে নিজেকে উপস্থাপন করুন।