hadith book logo

ইসলামি আকিদার বৈশিষ্ট্যসমূহ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ইসলামি আকিদার বৈশিষ্ট্যসমূহ

ইসলামী আকিদা-ই একমাত্র আকিদা, যা আল্লাহ তাআলা মানব জাতি হিসেবে আমাদের জন্য পছন্দ করেছেন। মূলত: এর দ্বারা তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। আমাদের করেছেন ধন্য। ইরশাদ হচ্ছে :

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِيْنًا . ﴿المائدة :৩﴾

‘‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার অবদান সম্পূর্ণ করে দিলাম। এবং দ্বীন হিসেবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম।’’ [আল-মায়েদা : ৩]

আল্লাহ প্রদত্ত্ব বিধান বলেই ইসলাম তার সূচনা লগ্ন থেকে মানব জাতির জীবনে কল্যাণ ও সফলতার স্বাক্ষর রেখে আসছে। একমাত্র এ ধর্মকেই তিনি আমাদের জন্য মনোনীত করেছেন। যাতে আমরা দুনিয়া-আখেরাত উভয় জগতের কল্যাণ অর্জন করে ভাগ্যবান হতে পারি। অর্জন করতে পারি খিলাফতের সে যোগ্যতা, যার জন্য তিনি আমাদের সৃজন করেছেন। ইরশাদ হচ্ছে :

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً . َ ﴿البقرة :৩০﴾

‘‘স্মরণ কর- যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব।’’ [আল-বাকারা : ৩০]

আরো অর্জন করতে পারি সে যোগ্যতা, যার মাধ্যমে তার পরিকল্পনা অনুযায়ী দুনিয়া আবাদ করার দায়িত্ব পালন করতে পারব। ইরশাদ হচ্ছে :

هُوَ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا .﴿৬১﴾

‘‘একমাত্র তিনিই তোমাদেরকে জমিন হতে সৃষ্টি করেছেন এবং তন্মধ্যে বসতি দান করেছেন।’’ [সুরায়ে হুদ : ৬১]

সব কিছুই যেন হয় তাঁর ইবাদত-আনুগত্য ও বর্ণিত বিধি-নিষেধের অনুসরণ করে। মূলত তিনি এ জন্যই সৃষ্টি করেছেন মানব জাতি। ইরশাদ হচ্ছে :

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ ﴿الذاريات :৫৬﴾

‘‘আমি মানব ও জ্বিন জাতি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’’ [জারিয়াত : ৫৬]

ইসলামি আকিদা সম্পর্কে এ সংক্ষিপ্ত উপাস্থাপনা থেকে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ইসলামি আকিদা সার্বজনীন, পরিপূর্ণ, ভারসাম্যময় ও সমৃদ্ধশালী একটি আকিদা বা ধর্ম বিশ্বাস। নিম্নে আমরা এ নিয়েই আলোচনা করার প্রায়াস পাব।