hadith book logo

পাপ আকার-প্রকৃতি, প্রভাব ও প্রতিকার

লেখকঃ গবেষণা পরিষদ, আল-মুনতাদা আল-ইসলামী কেন্দ্রীয় কার্যালয় • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

(১১) ধৈর্য্য ও অন্তরের দৃঢ়তা :—

মুসলমান মাত্রই বিশ্বাস করে, আল্লাহ রাববুল আলামীন মানুষের জন্য ঐ সকল বিষয়ই হারাম বা অবৈধ করেছেন, যা মানুষ পরিহার করে চলতে পারে। তেমনি তিনি ঐ সব বিষয় মানুষকে করতে বলেছেন যা সে করার সামর্থ্য রাখে। যা নিষিদ্ধ, তা আপনি অবশ্যই পরিহার করার ক্ষমতা রাখেন। পাপ পরিহার করা কখনো অসম্ভব ব্যাপার নয়। প্রয়োজন শুধু অন্তরের দৃঢ়তা, অবিচল সাহস।

মনে রাখা প্রয়োজন ‘কঠিন ও অসম্ভব’ শব্দ দুটোর মধ্যে পার্থক্য আছে। পাপ পরিহার করা কারো জন্য কঠিন হতে পারে, তবে কারও পক্ষেই তা অসম্ভব নয়।

রাসূলুল্লাহ সা. বলেছেন :—

حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره . ( رواه البخاري :৬৪৮৭ ومسلم :২৮২৩)

‘জাহান্নাম মনের কু-প্রবৃত্তি দ্বারা ঢেকে দেয়া হয়েছে আর জান্নাত কঠিন কাজ দ্বারা আবৃত্ত করা হয়েছে।’ [বুখারী : ৬৪৮৭ ও মুসলিম : ২৮২৩]

এ হাদীসের মর্ম কথা হল ভাল কাজ করা ও পাপ থেকে ফিরে থাকা কঠিন। আর পাপ কাজ করা সহজ। যদি এ কঠিনকে জয় করা যায় তাহলে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। আর মন যা কিছু চায় তা করা সহজ হলেও তা দিয়ে শুধু জাহান্নামের পর্দা উম্মুক্ত করা হয়।

অতএব পাপাচার থেকে বিরত থাকার জন্য ধৈর্য্য, উন্নত মানসিকতা, মনের দৃঢ়তা ও সাহস সৃষ্টি করা প্রয়োজন।