hadith book logo

মুসলিম নারীর অবশ্য পালনীয় কতিপয় আমল

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

মুসলিম নারীর অবশ্যই পালনীয় কতিপয় আমল

হে মুমিনা! উত্তম চরিত্র হলো আপনার জীবনের ভিত্তিস্বরূপ। এর ওপরই নির্ভর করছে আপনার সুখ ও সমৃদ্ধি। যদি আল্লাহ রাব্বুল ‘আলামীন আপনাকে উত্তম চরিত্রে ভূষিত করেন, তাহলে সব ধরনের কল্যাণ পেয়ে যাবেন। আর যদি তা থেকে বঞ্চিত হোন, তাহলে যেন সব ধরনের কল্যাণ হতে বঞ্চিত হয়ে গেলেন। কোনো এক সাহাবী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, উত্তম আমল কী? তখন তিনি উত্তরে বলেছিলেন:

«البر حسن الخلق» .

“উত্তম চরিত্রই হচ্ছে উত্তম কাজ।” (সহীহ মুসলিম)

আবার যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন গুণের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে? উত্তরে তিনি বললেন:

«تَقْوَى اللهِ تَعَالَى، وَحُسْنُ الْخُلُقِ» .

“আল্লাহ তাআলার তাকওয়া এবং উত্তম চরিত্র।” (সুনান তিরমিযী)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু্ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন:

«إنَّ مِنْ أحَبِّكُمْ إلَيَّ وَأقْرَبُكُمْ مِنِّيْ مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أحْسَنُكُمْ أخْلَاقًا» .

“তোমাদের মধ্যে যারা চারিত্রিক গুণে উত্তম, তারাই আমার কাছে প্রিয়তর এবং কিয়ামত দিবসে তারাই সবচেয়ে আমার নিকটবর্তী হবে।” (সহীহ বুখারী)।

«إنَّ الْعَبْدَ لَيَيْلُغُ بِحُسُنِ خًلًقِهِ عَظِيْمً دَرَجَاتِ الأخِرَةِ وَشَرْفُ الْمَنَازِلِ، وَإنهُ لَضَعِيْفُ الْعِبَادَةِ» . رواه الطبراني

“নিশ্চয় কোনো কোনো বান্দা তার উত্তম চরিত্রের কারণে আখিরাতে উচু মাকাম লাভ করবে, যদিও সে ইবাদতে দুর্বল।” (তাবরানী, উত্তম সনদে বর্ণিত)

আর উত্তম চরিত্র গঠন করতে হলে মুজাহাদা বা প্রচেষ্টা চালাতে হবে। কষ্ট ও মেহনত করে নিজের মধ্যে ঐ সকল চারিত্রিক গুণাবলীর সমাবেশ ঘটাতে এবং সবসময় সেভাবে চলার চেষ্টা করবেন। ইন-শাআল্লাহ এই উত্তম চরিত্রের কারণেই আপনি জয়যুক্ত হবেন। মনে রাখবেন সম্মান রয়েছে উত্তম চরিত্রের মধ্যেই। এখানে কয়টি উত্তম চরিত্রের দিক আলোচনা করা হলো।