hadith book logo

কুরআন ও সুন্নাহর আলোকে তাওবা ও পাপ মোচনকারী কিছু আমল

লেখকঃ মো. আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

তাওবার পরিচয়

তাওবা ( توبة ) শব্দের তা ( تا ) বর্ণে যবর ওয়া ( واو ) বর্ণে সুকুন যোগে গঠিত হয়। আভিধানিক অর্থ পাপ থেকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, প্রত্যাগমন করা ইত্যাদি। বিশেষ পদে অর্থ অনুতাপ, অনুশোচনা। ড. মুহাম্মদ ড. হামিদ সাদিক বলেন:

التوبة : مصدر تاب ، الرجوع عن الذنب الندم على فعل الذنب ، وعقد العزم على عدم العودة إليه والتوجه إلى الله طلبا للمغفرة .

(‘তাবা ( تاب ) ক্রিয়া হতে তাওবা ( توبة ) হলো মাসদার। অর্থ পাপ থেকে ফিরে আসা। কৃতপাপের অনুশোচনা করা। পুনরায় না করার দৃঢ়সংকল্প করা।’ শব্দটি মহান সৃষ্টিকর্তার সত্তা ও তাঁর সৃষ্টিকুল বান্দাগণ উভয়ের সম্পর্কে ব্যবহৃত হয়ে থাকে। আল্লাহ তা‘আলার জন্য এ মর্মে যে, তিনি স্বীয় মাগফিরাত (মার্জনা) ও রাহমাত (করুণা) সহকারে বান্দাহদের প্রতি করুণা দৃষ্টি প্রদান করেন অর্থাৎ তিনি বান্দাদের তাওবা কবুল করেন। আল্লাহ তা‘আলা বলেন:

﴿ وَهُوَ ٱلَّذِي يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ ١٠٤ ﴾ [ التوبة : ١٠٤ ]

‘তিনি স্বীয় বান্দাদের তাওবা কবুল করেন।’ [সুরা আত তাওবা:১০৪।] এতে এ অর্থের প্রকাশ ঘটায় মূলত আল্লাহ তা‘আলার সাথে এই ক্রিয়াটির সম্বন্ধ স্থাপন তাঁর ক্ষমা-মাগফিরাত ও দয়া-রাহমাতের বহিঃপ্রকাশ। তবে উভয়টির মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য শব্দটি আল্লাহর সাথে সম্বন্ধিত হলে আল-কুরআনে তা على সংযোজক صلة সহকারে ব্যবহৃত হয়। যাতে তাঁর শ্রেষ্ঠত্ব ও সমুন্নত অবস্থান প্রকাশ পায়। যেমন, আল্লাহ তা‘আলা বলেন:

﴿ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيۡهِمۡ﴾ [ المائ‍دة : ٧١ ]

‘অতঃপর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হলে তাদের তাওবা কবুল করলেন।’ [সূরা আল-মায়েদাহ:৭১।] কারও কারও মতে তাওবা অর্থ অনুতাপের সাথে পাপ পরিহার করে আল্লাহর দিকে ফিরে আসা।

আল্লাহ তা‘আলা বলেন:

﴿وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ﴾ [ النور : ٣١ ]

‘হে মুমিনগণ! তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’ [সূরা আন-নূর:৩১।]

মুফতী মুহাম্মদ আমীমুল ইহসান বলেন:

التوبة : هو الرجوع إلى الله بحل عقد الإصرار عن القلب ثم القيام بكل حقوق الرب .

‘অন্তর হতে গোনাহ না করার সংকল্পের মাধ্যমে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। অতঃপর প্রতিপালকের যাবতীয় বিধানকে পালন করা।’ [কাওয়ায়িদুল ফিকহ,পৃ ২৩৯-২৪০।]

‘আইনুল ইলম’ গ্রন্থে বলা হয়েছে:

التوبة تنزيه القلب عن الذنب وقيل الرجوع من البعد إلى القرب وفى الحديث : الندم هى التوبة .

‘তাওবার সংজ্ঞা হলো অন্তরালে পাপ মুক্ত করা। কারও কারও মতে দূরত্ব হতে নিকটে প্রত্যাবর্তন করা। কারণ, ‘অনুশোচনাই’ তাওবা। [প্রাগুক্ত,পৃ ২৪০।]

মুহাম্মাদ আলী আত-থানভী (রহ.) বলেন:

الندم على معصية من حيث هى معصية، مع عزم أن ألا يعود إليها إذا قدر عليها

কোনো পাপকাজে সেটি যে পাপ এ অনুভূতিতে অনুশোচনা করার সাথে সাথে সুযোগ পেলেও আর কখনোও না করার দৃঢ় সংকল্প করা। [কাশশাফু ইসতিলিহাতিল ফুনুন,খ.১, পৃ. ২১৮।]

মাজমা‘উস সুলুক গ্রন্থে বর্ণিত আছে,

التوبة شرعا هى الرجوع إلى الله تعالى مع دوام الندم وكثرة الاستعفار

শরী‘আতের পরিভাষায় তাওবা হলো স্থায়ী অনুশোচনা ও অধিক ক্ষমা প্রার্থনার সাথে আল্লাহ তা‘আলার প্রতি প্রত্যাবর্তন করা। কারও কারও মতে তাওবা মূলত অনুশোচনা অর্থাৎ তাওবার বৃহৎ স্তম্ভই হলো অনুশোচনা। [প্রাগুক্ত।]