hadith book logo

দরূদ

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

কিছু কথা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরামের উপর।

সম্মানিত পাঠক, রাসূলুল্লাহ ﷺ এর উপর দরূদ পাঠ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। এতে রয়েছে অল্প পরিশ্রমে অধিক সওয়াব অর্জন করা, নিজের নেকীর পাল্লাকে ভারি করে নেয়া এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ ﷺ এর সুপারিশ লাভ করার মতো ফযীলত ও তাৎপর্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে মুসলিমদের কাছে এই ইবাদাতটি খুবই অবহেলিত। যদিও ধর্মীয় আনুষ্ঠানিকতার ছায়াতলে এই ইবাদাতটি নামমাত্র পালন হয়ে থাকে, তবুও এটিকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন ধরনের ভ্রান্তির প্রচলন রয়েছে। যেমন-

রাসূলুল্লাহ ﷺ এর শিখানো দরূদ ব্যতীত নিজেদের বানানো শব্দাবলি দ্বারা দরূদ পাঠ করা, বিভিন্ন শিরক ও বিদআতী ইবাদাতে দরূদ পাঠ করা, দরূদ পাঠ করার সময় নানা ধরনের অঙ্গ-ভঙ্গী প্রদর্শন করা ইত্যাদি।

বইটিতে দরূদ পাঠের গুরুত্ব ও তাৎপর্য, রাসূলুল্লাহ ﷺ থেকে সহীহ সুনণাহ দ্বারা প্রমাণিত মাসনূন দরূদসমূহ এবং দরূদের ব্যাপারে মানুষের নানা ধরনের বিভ্রান্তি, বিভিন্ন যয়ীফ ও জাল হাদীসে উল্লেখিত দরূদসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি, বইটি পাঠ করে দরূদ সম্পর্কে মানুষের বিভ্রান্তি দূর হবে এবং বিশুদ্ধভাবে দরূদ পাঠ করে আল্লাহর কাছ থেকে যথাযথ প্রতিদান লাভ করতে সক্ষম হবে- ইনশাআল্লাহ। আল্লাহ তা‘আলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন

মা‘আস্সালাম

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী