hadith book logo

আল-কুরআনুল কারীম মর্যাদা, শিক্ষা ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা

লেখকঃ ইকবাল হুসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

আল-কুরআনুল কারীম: মর্যাদা শিক্ষা ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা:

মানব অন্তর কালিমাযুক্ত হয়ে কঠিন হয়ে যায়। দুনিয়ার প্রাচুর্যের মোহ ও প্রবৃত্তির চাহিদা নফসকে দুর্বল ও অসাড় করে ফেলে। মানুষকে এ পৃথিবীতে নফস প্রবৃত্তি ও শয়তানের সাথে যুদ্ধ ও সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। একজন যোদ্ধাকে যদি অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় প্রকার অস্ত্রের মুখাপেক্ষী হতে হয় তাহলে চিরন্তন সফলতা যে যুদ্ধে বিজয় লাভের উপর নির্ভরশীল এমন যুদ্ধের যোদ্ধাকে অবশ্যই সক্রিয় ও কার্যকর অস্ত্রে সজ্জিত হতে হবে। আর তা হচ্ছে স্বীয় নফসকে সংশোধন ও পবিত্রকরণ। এ ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ ভিন্ন অন্য কোনো পথ ও পদ্ধতি নেই। কুরআন সম্পর্কে বলতে গেলে রমযান প্রসঙ্গে দু’টি কথা বলতে হয় কয়েক কারণে।

১. রমযান মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে।

২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরআন অবতরণের সূচনা রমযান মাসেই হয়েছে তখন সূরা ‘আলাকের প্রথম কয়েকটি আয়াত অবতীর্ণ হয়।

৩. জিবরীল আলাইহিস সালাম রমযানের প্রতি রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কুরআন শিখাতেন আর তিনিও তাকে পূর্ণ কুরআন শুনিয়ে দিতেন। এ ব্যাপারটি রমযান মাসে কুরআন খতমের বৈধতাকে প্রমাণ করে। তাছাড়া কুরআন খতম সারা বছরেই গুরুত্বপূর্ণ মোস্তাহাব। তবে রমযানে এর গুরুত্ব আরো বেড়ে যায়।