hadith book logo

নারীর প্রাকৃতিক রক্তস্রাব

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

পঞ্চম পরিচ্ছেদ: ইস্তেহাযা ও তার বিধান

ইস্তেহাযাহর সংজ্ঞা: কোনো নারীর যদি অনবরত এমনভাবে রক্ত প্রবাহিত হয় যে কোনো সময়েই বন্ধ হয় না, অথবা খুব অল্প সময় যেমন মাসে এক কি দুই দিন পর্যন্ত বন্ধ থাকে তাহলে উক্ত প্রবাহমান রক্তকে ইস্তেহাযাহ বলা হয়। এক সাথে এমনভাবে রক্ত প্রবাহিত হওয়ার দৃষ্টান্ত সহীহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীসে রয়েছে, তিনি বলেন,

«قَالَتْ فَاطِمَةُ بِنْتِ أبِيْ حُبَيْشٍ لِرَسُوْلِ اللهِ : يَا رَسُوْلَ اللهِ ! إنِّيْ لاَ أطْهُرُ . وَفِيْ رِوَايَةٍ : أسْتَحَاضُ فَلاَ أطْهُرُ» .

“ফাতেমা বিনতে আবী হুবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন: হে আল্লাহর রাসূল! আমি পবিত্র হতে পারছি না। অন্য রেওয়ায়েতে আছে: আমার অবিরাম রক্ত প্রবাহিত হচ্ছে যার ফলে আমি পবিত্রতা অর্জন করতে পারছি না।”

খুব অল্প সময়ের জন্য বন্ধ হওয়ার দৃষ্টান্ত হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার হাদীসে রয়েছে। তিনি এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরয করেন: ইয়া রাসূলাল্লাহ! অনেক দীর্ঘ সময় ধরে আমার রক্তস্রাব হয়। [এই হাদীসখানা ইমাম আহমদ, ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী রহ. বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ বলে মতামত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ রহ. হাদীসটিকে সহীহ বলেছেন এবং ইমাম বুখারী রহ. হাসান হিসেবে মত ব্যক্ত করেছেন বলে বর্ণিত আছে।।]