১
বর্ষাকালের বিবিধ বিধান
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
বর্ষাকালের বিবিধ বিধান
রহমতের বারতা আর অসংখ্য নি‘আমতের ডালি নিয়ে ফি বছর বাংলা মুলুকে বর্ষা আসে। গ্রীষ্মের তাপদাহে যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখনই আসমান থেকে দয়াময়ের দান রহমতের ধারা নামতে শুরু করে। আকাশে সাদা-কালো মেঘের ওড়াওড়ি, বৃষ্টির টুপটাপ শব্দ, ঝরঝর অবিরল বারিধারা, পানির রূপালী ঢেউ, মরা জলাশয়ের যৌবন ফিরে পাওয়া, রোদে পোড়া তামাটে তরুলতার সজীব হয়ে ওঠা -সবই বর্ষার সৌন্দর্য। সবুজের বৈভব-ঐশ্বর্যেই বর্ষার নি‘আমত শেষ নয়। এ ঋতুতে মহান আল্লাহ আমাদের উপহার দেন বিচিত্র ফুল, ফল ও সবজি। প্রকৃতিতে হেসে ওঠে গন্ধরাজ, বাগানবিলাস, শ্বেতরঙ্গন, টগর, জুঁই, কেয়া ও কদমসহ আরও কত ফুল। ফলের দোকানের শোভা বাড়িয়ে দেয় পেয়ারা, আমড়া, কামরাঙা, ডেউয়া, জামরুল, লটকন, গাবসহ রকমারি ফল। সবজি ভাণ্ডারে ক্রেতার দৃষ্টি কাড়ে ঢেঁরস, করল্লা, কাঁকরোল, চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল, বরবটিসহ বিবিত্র সবুজ সবজি। নানা রঙ, ঘ্রাণ ও স্বাদে মানুষ আকুল হয়। ভেষজ গুণেও এসব ফুল, ফল ও সবজির জুড়ি মেলা ভার।