hadith book logo

বর্ষাকালের বিবিধ বিধান

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

বৃষ্টি আল্লাহর নিদর্শন:

বৃষ্টি আল্লাহর অন্যতম নিদর্শন। আমরা আল্লাহর ওপর ঈমান স্থাপন করি তাঁকে না দেখে। ইহকালে আল্লাহকে দেখা সম্ভব নয়। তিনি আমাদের চর্মচোখ ও কল্পনার অতীত। আল্লাহকে চেনা যায় তাঁর প্রেরিত আসমানী গ্রন্থ ও নবীর মাধ্যমে, তাঁর নাম ও গুণের মাধ্যমে। কিন্তু না দেখেও তাঁর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তাঁর সৃষ্ট অসংখ্য নিদর্শনের মাধ্যমে। পবিত্র কুরআনের সূরা আর-রূমে আল্লাহ তাঁর বেশ কিছু নিদর্শনের কথা তুলে ধরেছেন। অন্য আরও বিভিন্ন সূরাতেও বিভিন্ন নিদর্শনের উল্লেখ আছে। সেসব নিদর্শনের অন্যতম হলো বৃষ্টি। আল্লাহ বলেন,

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَيُحۡيِۦ بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ٢٤﴾ [ الروم : ٢٤ ]

“আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে ভয় ও ভরসাস্বরূপ বিদ্যুৎ দেখান, আর আসমান থেকে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে কাওমের জন্য যারা অনুধাবন করে”। [সূরা আর-রূম, আয়াত: ২৪]

আরেক সূরায় আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلۡأَرۡضَ خَٰشِعَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡۚ إِنَّ ٱلَّذِيٓ أَحۡيَاهَا لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ٣٩﴾ [ فصلت : ٣٩ ]

“তাঁর আরেকটি নিদর্শন হলো, তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক-অনুর্বর, অতঃপর যখন আমরা তার উপর পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত ও স্ফীত হয়। নিশ্চয় যিনি জমিনকে জীবিত করেন তিনি মৃতদেরও জীবিতকারী। নিশ্চয় তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান”। [সূরা ফুসসিলাত, আয়াত: ৩৯]