hadith book logo

বিদায় হজের খুতবা কিছু আলোকপাত

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

জাহিলিয়াতের বিধি-বিধান প্রত্যাখান :

আল্লাহ তা‘আলা বলেন,

﴿ أَفَحُكۡمَ ٱلۡجَٰهِلِيَّةِ يَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمٗا لِّقَوۡمٖ يُوقِنُونَ ٥٠ ﴾ [ المائ‍دة : ٥٠ ]

‘তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম?’ {সূরা আল-মায়িদা, আয়াত : ৫০}

আয়াতটির ব্যাখ্যায় আল্লামা সা‘দী রহ. বলেন, ‘তাদের বক্তব্য এবং আপনার কাছ থেকে বিমুখ হওয়ার মধ্য দিয়ে তারা কি আল্লাহ তা‘আলার পক্ষ থেকে তাঁর রাসূলের কাছে প্রেরিত বিধানের বিপরীত জাহেলী বিধান চায়? হয়তো আল্লাহ ও তাঁর রাসূলের বিধান গ্রহণ করতে হবে নয়তো জাহেলী বিধান। এতদুভয়ের মধ্যে তৃতীয় কোনো বিধান নেই। অতএব যে প্রথমটি (আল্লাহ ও তাঁর রাসূলের বিধান) থেকে মুখ ফিরিয়ে নেবে সে (দ্বিতীয়টি) জাহেলী বিধানের অনুগামী বলে গণ্য হবে। জাহেলী বিধানের মূলে রয়েছে মূর্খতা, অনাচার ও পথভ্রষ্টতা। এজন্যই আল্লাহ তা‘আলা একে জাহেলী যুগের সঙ্গে যুক্ত করেছেন। পক্ষান্তরে আল্লাহ তা‘আলার বিধানের মূলে রয়েছে ইলম, ইনসাফ এবং নূর ও হেদায়েত।’ [. তাফসীর সা‘দী, পৃষ্ঠা : ২২৪।]