hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত

লেখকঃ নু‘মান আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

তৃতীয় আমল: মাথা মুণ্ডন বা চুল ছোট করা

কঙ্কর নিক্ষেপ ও হাদী যবেহ করার কাজ শেষ হলে, পরবর্তী কাজ হচ্ছে, মাথা মুণ্ডন অথবা চুল ছোট করা। তবে মুণ্ডন করাই উত্তম। পবিত্র কুরআনে মুণ্ডন করার কথা আগে এসেছে, ছোট করার কথা এসেছে পরে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿مُحَلِّقِينَ رُءُوسَكُمۡ وَمُقَصِّرِينَ﴾ [ الفتح : ٢٧ ]

“তোমাদের কেউ কেউ মাথা মুণ্ডন করবে এবং কেউ কেউ চুল ছোট করবে।” [সূরা আল-ফাতহ, আয়াত: ২৭] এতে বোঝা গেল, চুল ছোট করার চেয়ে মাথা মুণ্ডন করা উত্তম। মাথা মুণ্ডন বা চুল ছোট করা হালাল হওয়ার একমাত্র মাধ্যম।

মাথা মুণ্ডন অথবা চুল ছোট করার পদ্ধতি

১. মাথা মুণ্ডন করা হোক বা চুল ছোট করা হোক পুরো মাথাব্যাপী করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাথাই মুণ্ডন করেছিলেন। মাথার কিছু অংশ মুণ্ডন করা বা ছোট করা, আর কিছু অংশ ছেড়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। নাফে‘ রহ. ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন,

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কাযা‘) قَزَعٌ থেকে বারণ করেছেন। কাযা‘ সম্পর্কে নাফে‘ রহ.-কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, শিশুর মাথার কিছু অংশ মুণ্ডন করা এবং কিছু অংশ রেখে দেওয়া। [সহীহ মুসলিম, হদীস নং ৩৯৫৯।]

২. কসর অর্থাৎ চুল ছোট করার অর্থ পুরো মাথা থেকে চুল কেটে ফেলা। ইবন মুনযির বলেন, যতটুকু কাটলে চুল ছোট করা বলা হয়, ততটুকু কাটলেই যথেষ্ট হবে। [সাইয়িদ আস-সাবিক: ফিকহুস সুন্নাহ, ১/৭৪৩।]

৩. কারো টাক মাথা থাকলে মাথায় ব্লেড অথবা ক্ষুর চালিয়ে দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে।

৪. মহিলাদের ক্ষেত্রে হাতের আঙুলের এক কর পরিমাণ চুল কেটে ফেলাই যথেষ্ট। মহিলাদের জন্য হলোক নেই। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لَيْسَ عَلَى النِّسَاءِ الْحَلْقُ، وَإِنَّمَا عَلَى النِّسَاءِ التَّقْصِيْرُ » .

“মহিলাদের ব্যাপারে মাথা কামানোর বিধান নেই, তাদের ওপর রয়েছে ছোট করার বিধান”। [আবূ দাউদ, হদীস নং ১৯৮৫।]

আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,

«نَهَى رَسُوْلُ الله ﷺ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا .»

“সলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মাথা মুণ্ডন করতে নিষেধ করেছেন।” [তিরমিযী, হাদীস নং ৯১৫।]

সুতরাং মহিলাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, তারা তাদের মাথার সব চুল একত্রে ধরে অথবা প্রতিটি বেণী থেকে এক আঙুলের প্রথম কর পরিমাণ কাটবে।

৫. মাথা মুণ্ডনের পর শরীরের অন্যান্য অংশের অবিন্যস্ত অবস্থা দূর করা সুন্নাত। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কেটেছিলেন। [সাইয়িদ আস-সাবেক: প্রাগুক্ত ১/৭৪৩।] ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা হজ অথবা উমরার পর গোঁফ কাটতেন। [বায়হাকী, হদীস নং ৯১৮৬।] অনুরূপভাবে বগল ও নাভীর নিচের পশম পরিষ্কার করাও বাঞ্ছনীয়। কেননা তা পবিত্র কুরআনের নির্দেশ

﴿ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ ﴾ [ الحج : ٢٩ ]

“তারপর তারা যেন তাদের ময়লা পরিষ্কার করে।” [সূরা আল-হাজ, আয়াত: ২৯]-এর আওতায় পড়ে।

মাথা মুণ্ডন বা চুল ছোট করার সুন্নাত পদ্ধতি

মাথা মুণ্ডন করা বা চুল ছোট করার সুন্নাত পদ্ধতি হলো, মাথার ডান দিকে শুরু করা, এরপর বা দিকে করা। হাদীসে এসেছে,

«قَالَ لِلْحَلاَّقِ خُذْ وَأَشَارَ إِلَى جَانِبِهِ الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ ثُمَّ جَعَلَ يُعْطِيهِ النَّاسَ» .

“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষৌরকারকে বললেন, নাও। তিনি হাত দিয়ে (মাথার) ডান দিকে ইশারা করলেন, অতঃপর বাম দিকে। এরপর মানুষদেরকে তা দিতে লাগলেন।” [সহীহ মুসলিম, হদীস নং ২২৯৮।]