hadith book logo

দুআ-মুনাজাতে নবী রাসূলের অসীলা দেয়া একটি পর্যালোচনা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

এ দুটো হাদীস থেকে আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম।

এক. কাউকে এ কথা বলা যে, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দুআ করুন, এর অর্থ হল, দুআর ক্ষেত্রে ঐ ব্যক্তিকে অসীলা বা মাধ্যম করা। এটা জায়েয। যেমন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে অসীলা করে দুআ করেছেন।

দুই. যার অসীলা দিয়ে দুআ করবে তার জীবিত হওয়া ও উপস্থিত থাকা শর্ত। যেমন আমরা দেখতে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে তাঁর অসীলা দিয়ে দুআ করা হল। তিনি যখন চলে গেলেন, তখন তাঁরই জীবিত এক মুরুব্বী বয়োবৃদ্ধ আব্বাস রাদিয়াল্লাহু আনহু- এর অসীলা দিয়ে বৃষ্টির জন্য দুআ করা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অসীলা করা হল না।

তিন. কোন মৃত ব্যক্তির অসীলা দেয়া জায়েয নয়। তিনি যত বড় রাসূল, নবী, অলী বা পীর-বুযুর্গ-গাউস-কুতুব যে-ই হোন না কেন। যদি জায়েয হত তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু দুআর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীলা দিতেন। তাকে বাদ দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু- এর অসীলা নিতেন না।

চার. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার নাম বা মর্যাদার অসীলা দিয়ে দুআ-মুনাজাত করা যে ঠিক নয় এ বিষয়ে সাহাবায়ে কেরামের ঐক্যমত হয়েছে।

কারণ, উমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন : হে আল্লাহ! আমরা আপনার নবীর অবর্তমানে তাঁর চাচা আব্বাসের অসীলায় দুআ করছি... তখন কোন সাহাবী প্রতিবাদ করলেন না। কেউ বললেন না, 'কেন, আমরা এখনো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীলা দিয়ে বা তার মর্যাদার অসীলা দিয়ে দুআ করি তাহলে দোষের কী?'

কারণ, তারা জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার অসীলা দিয়ে দুআ করা ঠিক নয়।