hadith book logo

দুআ-মুনাজাতে নবী রাসূলের অসীলা দেয়া একটি পর্যালোচনা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

এ হাদীস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম :

এক. অন্ধ লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল তার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দুআ করাতে। যেমন লোকটি বলল, 'দুআ করুন।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'তুমি চাইলে দুআ করতে পারি।'

এ কথার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হল, লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুআ চাইতে এসেছিল।

আর এটা হল, অনুমোদিত অসীলার তৃতীয় প্রকার। যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে।

দুই. যদি লোকটির উদ্দেশ্য হত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বা সম্মানের অসীলা দিয়ে দুআ করা, তাহলে সে তো তার বাড়িতে বসেই তার অসীলা দিয়ে দুআ করতে পারত।

তিন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দুআ করার ওয়াদা দিলেন। সাথে সাথে তাকে বললেন, 'তুমি যদি অন্ধত্বের উপর ধৈর্য ধারণ কর, তা তোমার জন্য কল্যাণকর।' এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার প্রতি ইঙ্গিত করেছেন, যেখানে তিনি বলেছেন :

إن الله قال : إذا ابتليت عبدي بحبيبتيه فصبر ، عوضته منهما الجنة . يريد : عينيه

আল্লাহ তাআলা বলেন: আমি আমার কোন বান্দাকে যখন তার প্রিয় বস্তুদুটো (চক্ষুদ্বয়) নিয়ে পরীক্ষা করি আর সে তাতে ধৈর্য ধারণ করে তাহলে আমি এর বিনিময়ে তাকে জান্নাত দান করব। (সহীহ বুখারী)

তিনি লোকটার জন্য দুআ করার আগে তাকে নসীহত করলেন। বিপদে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। কিন্তু লোকটি ধৈর্য ধারণের চেয়ে দুআ করার বিষয়টিকে অগ্রাধিকার দিল।

চার. লোকটি যে বলল, 'হে মুহাম্মাদ! আমি আমার প্রয়োজন পূরণের জন্য আপনার মাধ্যমে আমার প্রভূর দিকে মুখ করলাম।'

এ কথার অর্থ হল, আপনাকে ভালোবাসা ও অনুসরণ করার মাধ্যমে আমার প্রভূর দিকে মুখ করলাম।

এটা হল, নেক আমলকে অসীলা হিসাবে গ্রহণ করার বিষয়। এটা তো শরীয়ত অনুমোদিত অসীলা। যা ইতিপূর্বে দ্বিতীয় প্রকার শরীয়ত সম্মত অসীলায় আলোচিত হয়েছে।

পাঁচ. এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিযা প্রকাশ পেয়েছে। তার দুআয় একজন অন্ধ মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে।

ছয়. এ সকল দিক বিবেচনায় এ হাদীস দিয়ে কোনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বা তার অনুপস্থিতিতে তার নাম, মর্যাদা, সম্মানের অসীলা দিয়ে দুআ করার বৈধতা প্রমাণিত হয় না।