hadith book logo

কবর যিয়ারত সংক্রান্ত কতিপয় জাল ও দুর্বল হাদীস

লেখকঃ শাইখ হাম্মাদ ইবন মুহাম্মাদ আল-আনসারী আল-খাযরাজী আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

১. “যে আমার কবর যিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হলো”

1 ـ «من زار قبري وجبت له شفاعتي» .

১. “যে আমার কবর যিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হলো”।

বাণীটি উল্লেখ করেছেন আবুশ শাইখ ও ইবন আবিদ দুনিয়া ইবন উমার থেকে। বাণীটি সহীহ ইবন খুযাইমাতেও আছে, তবে তিনি তার দুর্বলতার দিকে ইঙ্গিত করেছেন। [দেখুন, ‘মাকাসিদুল হাসানাহ’: (১১২৫)] তিনি বলেছেন: “তার সনদ সম্পর্কে আমার অন্তরে সংশয় রয়েছে, আমি তার দায়িত্ব থেকে আল্লাহর নিকট পানাহ চাই (অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্র হাদীস সম্পৃক্ত করার পাপ থেকে আমি আল্লাহর নিকট পানাহ চাই)”। [দেখুন, ‘তালখিসুল হাবীর’: (২/২৬৭), ‘লিসানুল মিযান’: (৬/১৩৫)]

আমি বলছি, হাদীসের সনদে দু’জন অপরিচিত বর্ণনাকারী আছেন:

ক. আব্দুল্লাহ ইবন উমার আল-ওমরী, আবু হাতিম তার সম্পর্কে বলেছেন: “মাজহুল” অর্থাৎ অপরিচিত।

খ. মূসা ইবন হিলাল আল-বসরী আল-আবদী, তার সম্পর্কেও আবু হাতিম বলেছেন: “মাজহুল” [আল-জারহু ওয়াত-তাদীল: (৮/১৬৬)] অর্থাৎ হাদীস বিশারদদের নিকট অখ্যাত।

উকাইলি বলেছেন: মুসা ইবন হিলালের হাদীস সহীহ নয়, তাকে সমর্থনকারী কেউ নেই, অর্থাৎ এ হাদীসের ক্ষেত্রে। [আদ-দু‘আফা: (৪/১৭০)]

ইমাম যাহাবী বলেছেন: তার নিকট যেসব হাদীস রয়েছে, তন্মধ্যে সবচেয়ে মুনকার আব্দুল্লাহ ইবন উমারের হাদীস, নাফে‘ থেকে। সে ইবন উমার থেকে... অতঃপর তিনি এ হাদীস উল্লেখ করেন। [মিযানুল ইতিদাল: (৪/২২৬)] অপর বর্ণনায় এসেছে এভাবে:

«من زار قبري حلت له شفاعتي» .

“যে আমার কবর যিয়ারত করল, তার জন্য আমার সুপারিশ হালাল হলো”।