hadith book logo

মুসলিমের আদব বা শিষ্টাচার

লেখকঃ আহমদ আল-মাযইয়াদ/আদেল ইবন আলী আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

7. একজন মুসলমানের অপর মুসলিমের ওপর হক বা অধিকার।

এক মুসলিমের ওপর অপর মুসলিমের প্রতি অনেক অধিকার রয়েছে। যেমন,

ক. যখন তার সাথে দেখা করবে তখন তাকে সালাম দিবে এবং সে সালাম দিলে তার সালামের উত্তর দিবে, আর ইসলামের অভিবাদনের নিয়ম হচ্ছে: ‘‘আস্সালামু আলাইকুম’’

খ. যখন সে হাঁচি দিবে তখন তার হাঁচির জবাব দিবে, যখন হাঁচি দাতা হাঁচির পরে ‘আল-হামদুলিল্লাহ’ অর্থাৎ ‘সমস্ত প্রশংসা আল্লাহর’ বলবে তখন তার হাঁচির জবাব হচ্ছে, ‘ইয়ারহামুকালল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহ আপনাকে দয়া করুন’। আবার হাঁচিদাতা তার প্রতি উত্তরে বলবে, ‘ইয়াহদি কুমুল্লাহু ওয়াইয়ুসলিহু বা-লাকুম’ অর্থাৎ ‘আল্লাহ আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন ও আপনার বিষয়াদি সুন্দর করে দিন’।

গ. অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে।

ঘ. সে তার মুসলিম ভাইয়ের সাহায্য করবে এবং তাকে লাঞ্ছিত বা অসম্মান করবে না। যেখানে সে তার সাহায্য-সহযোগিতা দরকার সেখানে তাকে সাহায্য করবে।

ঙ. যে কোনো ব্যাপারে পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে।

চ. রুগ্ন হলে তার সেবা করবে বা দেখা করবে এবং মারা গেলে তার দাফন কাফন ও জানাযাতে অংশ গ্রহণ করবে।

ছ. তার সাথে বিনয়ী আচরণ করবে। কখনও অহংকারী হবে না।

জ. তার গীবত বা পিছনে নিন্দা করবে না। তাকে তুচ্ছ জ্ঞান করবে না। তাকে উপহাস করবে না। তার দোষ ত্রুটি খুঁজে বের করবে না। তার প্রতি কোনো ধরনের অপবাদ দিবে না। তাকে ধোকা দেবে না, প্রতারণা করবে না। তাকে গালি দেবে না। তাকে হিংসা ও ঘৃণা করবে না। তার প্রতি মন্দ ধারণা করবে না। তার গোপনীয় বিষয় জানার জন্য গোয়েন্দাগীরি করবে না। তার সাথে খিয়ানাত করবে না এবং তিন দিনের বেশি তার সাথে রাগ করে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে না।

ঝ. তার পদস্খলন বা ত্রুটি ক্ষমা করবে। তার দোষ-ত্রুটি গোপন রাখবে। তার পিছনেও তার সম্মান রক্ষা করবে। তার প্রতি ন্যায় বিচার করবে এবং তার সাথে এমন আচরণই করবে যা সে পছন্দ করে। সে বড় হলে শ্রদ্ধা করবে। ছোট হলে স্নেহ করবে। সাহায্যের প্রয়োজন হলে তাকে সাহায্য করবে।