hadith book logo

মোরা বড় হতে চাই

লেখকঃ আহসান হাবীব ইমরোজ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

বড় যদি হতে চাও

বড় যদি হতে চাও

বর্তমান পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষটি হচ্ছে আমেরিকার পেনসিলভিনিয়া রাজ্যের ফেরিস এলগার। ৮৬ বৎসর বয়সী এ অসাধারণ মানুষটি স্কুল কলেজের আনুষ্ঠানিক শিক্ষা না নিয়েও অনেক বিস্ময়কর কান্ড করেছেন। আই.কিউ. টেস্ট বা বুদ্ধিমাপক পরীক্ষায় ফেরীসের বুদ্ধাংক ২০০ এর মধ্যে ১৯৭। প্রতি একশ কোটি মানুষের ভিতর মাত্র একজন বুদ্ধাংক ১৯৩ এর উপর হওয়ার সম্ভাবনা থাকে। সে হিসাবে পৃথিবীর বর্তমান প্রায় ৬শ কোটি মানুষের ভিতর ফেরীসের মতো মাত্র ৬ জন লোক থাকার কথা। কিন্তু জন্মগতভাবে বুদ্ধি ও মেধার ক্ষেত্রে ফেরীসের কোন প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। প্রকৃতপক্ষে ফেরীস একজন সুপার জিনিয়াস, ওর বুদ্ধি সাধারণ একজন মানুষের তিনগুণ, প্রতিভাবানদের দ্বিগুণ। প্রতিভা সম্পর্কে তিনি যা বলেন তা তার মত অদ্বিতীয় মেধাবী ব্যক্তির কাছ থেকে আশা করা যায় না। তিনি বলেন, ‘প্রতিভা আর কিছু নয় পরিশ্রম। প্রতিভার বিকাশে কঠোর পরিশ্রমই গুরুত্বপূর্ণ।’ সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখেছি সকল জিনিয়াসই প্রতিভা অর্জনের জন্যে পরিশ্রমের প্রতি গুরুত্ব দিয়েছেন। কিন্তু তাদের জীবনে আরেকটি বিষয় লক্ষ্য করি তা হচ্ছে সুন্দর পদ্ধতি বা কৌশল। আমরা এখন অধ্যয়নের ক্ষেত্রে তাদের সেই সকল মূল্যবান পদ্ধতি সমূহ আলোচনার চেষ্টা করবো।