hadith book logo

শরীয়তের মানদন্ডে রজব মাসের ফজিলত

লেখকঃ ফায়সাল বিন আলী আল-বাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

রজব মাসে উমরা

রজব মাসে উমরা পালনে খুবই যত্নবান এমন অনেকেই আছেন।রজবের ওমরার আলাদা বৈশিষ্ট্য আছে বলে তাদের বিশ্বাস। এ ধারণা অমূলক, ভিত্তিহীন। ইমাম বুখারি ইবনে উমর হতে বর্ণনা করেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার বার ওমরা করেছেন। এবং তার একটি ছিল রজব মাসে। আয়েশা রা. বলেন আবু আব্দুর রাহমানের প্রতি আল্লাহ রহম করুন। রাসূলুল্লাহ এর সকল ওমারাতেই উমর রা. উপস্থিত ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো রজব মাসে ওমরা করেন নি। (২৬)

ইবনুল আত্তার বলেন, রজব মাসে বেশি বেশি ওমরা পালন সম্পর্কে যে একটি কথা আছে তার কোনো ভিত্তি নেই। (২৭) আল্লামা ইবনে বায বলেন (২৮) উমরা আদায়ের সর্বোত্তম সময় রমজান, হাদিসে এসেছে : রমজানে উমরা হজের সমান। এর পর যিলকদ মাসের উমরা; কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সকল উমরাই ছিল যিলকদ মাসে। পবিত্র কুরআনে এসেছে :

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ . ( الأحزاب : 21)

রাসূলুল্লাহর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ( সূরা আহযাব: ২১)

কোনো কোনো দেশে রজব মাসকে যাকাত আদায়ের মাস হিসেবে গণ্য করা হয়। ইবনে রজব বলেন, সুন্নতে এর কোনো ভিত্তি নেই। সালফে সালেহীনদের কারো থেকে এ মর্মে কিছু বর্ণিত হয় নি। তবে মূল কথা হল, যখন নিসাব পরিমাণ সম্পদ কারও কাছে থাকে তাকে অবশ্যই বছর ঘুরে এলে জাকাত প্রদান করতে হবে, করা ফরজ।