hadith book logo

আল-কুরআন ইসলামী শরীয়াহ্-এর অন্যতম উৎস

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

শরীয়াহ্ কি আল-কুরআনের বিধান ?

আল-কুরআন ও শরীয়াহ্-এর সম্পর্ক অত্যন্ত নিবিড় ও অবিচ্ছেদ্য। এটা সবযুগের সকল মুসলিম আলেমগণের ঐকমত্য ও ইজমা’ যে, ইসলামী শরীয়াহ্ কুরআনেরই বিধান। কেননা আল-কুরআনই শরীয়াহ্-কে সত্যায়ন করেছে। ইসলামী শরীয়াহ্-এর বিষয়গুলোর প্রতি যদি আমরা আলোকপাত করি তাহলে দেখব - আকীদা ও বিশ্বাসের মূল বিষয়গুলো যেমন তাওহীদ, রিসালাত ও আখিরাত ইত্যাদি কুরআনের বিশাল অংশ জুড়ে আলোচিত হয়েছে। শির্ক ও কুফরির পরিচিতি ও পরিণতি সম্পর্কে কুরআনে বিশদ আলোচনা রয়েছে। আরকানুল ঈমানের মধ্যে আল্লাহ, মালাইকা, আসমানী কিতাব, নবী-রাসূলগণ ও শেষ দিবসের প্রতি ঈমানের অপরিহার্যতার কথা কুরআনে বলা হয়েছে। আরকানুল ইসলামের মধ্যে শাহাদাত, সালাত, সাওম, যাকাত ও হাজ্জের বর্ণনা কুরআনে রয়েছে। আকীদার পাশাপাশি শরীয়াহ্-এর বিভিন্ন আমল ও মুয়ামালাত সম্পর্কে বিস্তারিত আলোচনাও রয়েছে। ব্যক্তির নিজের করণীয়, বিবাহের মাধ্যমে পরিবার গঠন ও সংরক্ষণ, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন, অর্থনৈতিক বিভিন্ন বিষয়, রাজনৈতিক সঠিক দৃষ্টিভঙ্গি ও করণীয়সহ শরীয়াহ্-এর সকল মৌলিক কিছুই স্পষ্টভাবে কুরআনে রয়েছে। আল্লাহ বলেন,

﴿ وَنَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ تِبۡيَٰنٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ ٨٩ ﴾ [ النحل : ٨٩ ]

‘‘আর আমি মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথনির্দেশ, দয়া ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করলাম’’। [সূরা আন-নাহল : ৮৯] তিনি আরো বলেন,

﴿ مَّا فَرَّطۡنَا فِي ٱلۡكِتَٰبِ مِن شَيۡءٖۚ ﴾ [ الانعام : ٣٨ ]

‘‘কিতাবে কোনো কিছুই আমি বাদ দেইনি’’। [সূরা আল-আন‘আম : ৩৮]

আল-কুরআনে শরীয়াহ্ অনুসরণ করার সরাসরি নির্দেশ এসেছে।

﴿ ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا ﴾ [ الجاثية : ١٨ ]

‘‘এরপর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দীনের অন্তর্গত ‘শরীয়াহ্’ এর উপর, সুতরাং তুমি তার অনুসরণ কর’’। [সূরা আল-জাসিয়াহ : ১৮]

বিগত ১৪ শতক ধরে আজ পর্যন্ত মুসলিমদের কাছে গ্রহণযোগ্য ও সম্মানিত যে সব আয়িম্মাহ, আলেম ও স্কলার রয়েছেন, তাদের কোন একজনও একথা দাবী করেননি যে, ‘শরীয়াহ’ কুরআন থেকে বিচ্ছিন্ন। সাহাবীগণের যুগ থেকে আজ পর্যন্ত রচিত তাফসীর, হাদীস, ফিকহ, উসূলে ফিকহসহ সকল গুরুত্বপূর্ণ ইসলামী রেফারেন্স গ্রন্থসমূহে শরীয়াহ্-কে কুরআনের বিধানই বলা হয়েছে। কেননা শরীয়াহ্ সাব্যস্ত হয়েছে কুরআনের মাধ্যমে এবং কুরআনই শরীয়াহ্ এর প্রাথমিক উৎস ও দলীল। কুরআন ছাড়া শরীয়াহ্ এর অস্তিত্ব কল্পনা করা যায় না। শরীয়াহ্ থেকে কুরআনকে বিচ্ছিন্ন করে দেখানো ইসলামের শত্রুদের হীন অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।