hadith book logo

উম্মতের ওপর নবী মুহাম্মাদ মোস্তাফা সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অধিকার

লেখকঃ ড. আহমাদ আল-মাযইয়াদ, ড. আদেল আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

بسم الله الرحمن الرحيم

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আর সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাঁর পর আর কোনো নবী নেই এবং তাঁর পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদের সকলের প্রতি।

অতঃপর.....

আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টিকুলের জন্য উপহারস্বরূপ প্রদত্ত রহমত এবং উপকারী নি‘আমত। তাঁর দ্বারা আল্লাহ তা‘আলা আমাদেরকে হিদায়াত দান করেছেন এবং আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে এসেছেন, আর আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যের দরজাসমূহ খুলে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আমরা কারা বা কী পরিচয় ছিল আমাদের? তাঁর দীন ও শরী‘আত ব্যতীত কী মূল্যই বা ছিল আমাদের? আল-কুরআনের ভাষায়:

﴿لَقَدۡ جَآءَكُمۡ رَسُولٞ مِّنۡ أَنفُسِكُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡكُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٞ رَّحِيمٞ ١٢٨﴾ [ التوبة : ١٢٨ ]

“অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু।” [সূরা আত-তাওবাহ, আয়াত: ১২৮]

আল্লাহ তা‘আলা আরও বলেন:

﴿لَقَدۡ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ بَعَثَ فِيهِمۡ رَسُولٗا مِّنۡ أَنفُسِهِمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ١٦٤﴾ [ ال عمران : ١٦٤ ]

“আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসূল পাঠিয়েছেন, যিনি তাঁর আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করেন, তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল।” [সূরা আলে ইমরান, আয়াত: ১৬৪]

সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কত বড় মহান অনুগ্রহ! আর তাঁর আগমন ও রিসালাত কত বড় শ্রেষ্ঠ উপহার!

নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনেক অধিকার রয়েছে তাঁর উম্মতের ওপর। ইসলামের অনুসারী মুসলিমগণের দায়িত্ব হলো সে অধিকারগুলো আদায় ও সংরক্ষণ করা, আর সে অধিকারগুলো নষ্ট করা বা সেগুলোকে অবজ্ঞা ও অবহেলা করা থেকে সতর্ক ও সাবধান হওয়া। আর সেসব অধিকারের অন্যতম কিছু অধিকার নিম্নরূপ: