hadith book logo

মহানবীর অবমাননা ওরা যা করেছে আমরা যা করব

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

আমাদের করণীয় :

এমতাবস্থায় মুসলিমের পা ফেলতে হবে খুব বুঝে শুনে। ওদের যে কোনো উস্কানিমূলক বক্তব্য ও কর্মকে বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করতে হবে। ইসলামের শত্রুরা হাজারো ফাঁদ তৈরি করে রেখেছে আমাদের জন্য। ইতোমধ্যে তা প্রমাণও হয়ে গেছে। লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনার ছুতোয় দুটি মার্কিন যুদ্ধ জাহাজ ইতোমধ্যে লিবিয়ার জলসীমা স্পর্শ করেছে। এক ব্যক্তি খুনের ঘটনায় দুটি রণতরী পাঠানোর উদ্দেশ্য হচ্ছে লিবিয়ার তেল-গ্যাস ও অন্যান্য সম্পদ লুট করা। এভাবেই ওরা উসিলা তৈরি করে মুসলিমের সম্পদ লুট করে দুনিয়ায় টিকে আছে।

তাই এসব চক্রান্তের মোকাবিলা করতে হবে বুদ্ধিবৃত্তিক উপায়ে। যেমন- আইনের আশ্রয় নেয়া যায়, গণ স্বাক্ষর সংগ্রহ করা যায়, রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া যায়, বিশ্ব গণমাধ্যম ও বিভিন্ন মানবাধিকার সংস্থার সঙ্গে দেন-দরবারেও এর শান্তিপূর্ণ সমাধান হতে পারে। মুসলিমদের মিডিয়াগুলোকে এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র প্রধানগণ আন্তর্জাতিক সব ফোরামে এ নিয়ে চাপ সৃষ্টি করবেন।

এক সিনেমার বিপরীতে হাজার সিনেমা বানিয়ে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। নিত্য নতুন পেপার-পত্রিকা ও টিভি চ্যানেল খুলে ইসলামের পক্ষে মানুষকে ডাকতে হবে। ফেইসবুক, ব্লগ, ইন্টারনেটকে ইসলামের পক্ষে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। বাতিলের প্রোপাগান্ডাকে সত্যের প্রোপাগান্ডা দিয়ে মোকাবেলা করতে হবে। ইসলামের স্বপক্ষে একদল উৎসর্গিতপ্রাণ কলম সৈনিক গড়ে তুলতে হবে। ঘরে বসে না থেকে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় পারদর্শিতা অর্জন করে প্রমাণ করতে হবে মুসলিমই সর্বশ্রেষ্ঠ জাতি। আর এসব কাজ করতে হবে সম্মিলিত পরিকল্পনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। তবে সবার আগে আমরা মুসলিমদের আত্মসমালোচনা করতে হবে। সীরাত ও সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। জীবনের প্রতিটি পর্বে ইসলামের সুমহান আদর্শ ও কুরআন-সুন্নাহকে বাস্তব অনুশীলন ও প্রয়োগ করে দেখাতে হবে।