hadith book logo

সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

মন থেকে ভীতি দূর করুন :

কোনো কিছু করতে গিয়ে অমূলক ভয়ে তাড়িত হবেন না। মুমিন কখনো ভয় পায় না। মুমিন কখনো দুর্বল চিত্ত হয় না। ভয় জয় করাই মুমিনের বৈশিষ্ট্য। তার আর ভয় কিসের যার সব ভরসা একমাত্র আল্লাহ সর্বশক্তিমানের ওপর! যে বিশ্বাস করে ভালো বা মন্দের কিছুই হয় না আল্লাহর নির্দেশ ছাড়া। আবূ হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

« الْمُؤْمِنُ الْقَوِىُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِى كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ وَإِنْ أَصَابَكَ شَىْءٌ فَلاَ تَقُلْ لَوْ أَنِّى فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا . وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ » .

‘দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে উত্তম ও বেশি প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ আছে। তোমার জন্য যা উপকারী তার প্রতি আগ্রহ রাখো এবং আল্লাহর সাহায্যকে যথেষ্ট মনে কর। নিজেকে অক্ষম মনে করবে না। যদি তোমার কোনো বিপদ-আপদ আসে তাহলে এমন বলবে না যে, যদি আমি এ রকম করতাম তাহলে এরকম হত। বরং এ কথা বলবে যে, আল্লাহ তাকদীরে এটা রেখেছেন এবং তিনি যা চান তাই করেন। কেননা 'যদি' কথাটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।’ [মুসলিম : ৬৯৪৫]

অভিজ্ঞ এক মনোবিজ্ঞানী এবং লেখক বলেন, আমাদের সফলতার পথে প্রধান অন্তরায় হলো ভয়। ভয় নিজেকে নিজের দৃষ্টিতে ছোট করে দেয়। ফলে আমরা নিজেরা নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবি যা সফলতার পথে নানান অমূলক ও ভিত্তিহীন অন্তরায় খাড়া করে দেয়। ভয় আমাদেরকে যে কোনো পদক্ষেপ নিতে বাধা দেয়। কর্মস্পৃহা ছিনিয়ে নেয় এবং আমাদের ভেতর সৃষ্টি করে যোগ্যতা ও মেধার প্রধান শত্রু হীনম্মন্যতা। সবেগে বহমান সমুদ্রে যেমন প্রাণের অস্তিত্ব দেখা যায় তেমনি স্পন্দনহীন জড় বস্তুতে জীবনের অনুপস্থিতিও চোখে পড়ে। আত্ববিশ্বাসে বলীয়ান সপ্রাণ ব্যক্তি নিথর নিস্পন্দ দেহে বসে থাকে। অতএব যে কোনো নতুন কাজ করতে গিয়ে নিজের ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস রাখতে হবে।

আপন কর্মস্থলে কর্মকর্তা ও সহকর্মীদের ওপরও আস্থা রাখতে হবে, কেউ আপনাকে ভুল বুঝলে বসে থাকবেন না। ভুল বুঝাবুঝির অবসান ঘটান। মনে অগ্রিম কোনো কথা নিয়ে বসে থাকবেন না। একথা বললে আপনাকে ও কথা বলা হবে ইত্যাদি ভাববেন না। আপনার অবস্থান যদি সঠিক হয় তবে যে প্রশ্নের মুখেই পড়েন না কেন আপনি এর সদুত্তর নিতে পারবেন। যদি মনে করেন, আপনার সেকশনে কোনো উন্নতি হচ্ছে না অথবা মনে হচ্ছে অমুক ক্ষেত্রে আপনার সাথে বাড়াবাড়ি করা হচ্ছে, তাহলে অচিরেই এ নিয়ে কথা বলুন। একেবারে সাফল্য এনে দিতে না পারলেও খোলামেলা কথা বলার ফল এর চেয়ে ভালো হবে।