hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ১ -আঁধার রাতের বন্ধু

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

অনাহারে তিনদিন

এ দিকে ‘ওরা দু’জন’ একে একে তিন দিনের অনাহারে একেবারে কাহিল হয়ে পড়লেন। কিন্তু স্ত্রীর করুণ অবস্থায় খোযায়মা অস্থির হয়ে ভাবলেন- আমার মৃত্যু হয় তোক, কিন্তু অনাহারে প্রিয়তমা স্ত্রীর তিলে তিলে মৃত্যু, সে আমি সইবো কেমন করে? তার প্রাণ রক্ষার জন্যে কিছু একটা আমাকে করতেই হবে।

খোযায়মা দরোজা খুলে বেরিয়ে পড়লেন। ক্ষণিকের তরে ভুলে গেলেন আগের সেই কঠিন প্রতিজ্ঞার কথা। কিন্তু কোথায় যাবেন খোযায়মা? কার কাছে হাত পাতবেন? খোযায়মা ভাবলেন— তার ‘দান’ ও ‘দানা’ খেয়ে কিংবা ঋণের টাকা হজম করে আজ যারা ‘বড়’ হয়েছে, তাদের কাছেই গিয়ে দাঁড়াবেন তিনি সাহায্যের হাত দরাজ করে। দু’পায়ে অনাহার ক্লিষ্ট দেহের ভার বহন করে তিনি কিছুদূর গেলেনও, কিন্তু আত্মমর্যাদার ভার বহন করা আর সম্ভব হলো না!

এতোদিনের দাতা আজ হবেন গ্রহীতা?!

তাও একদল অকৃতজ্ঞ মানুষের দুয়ারে?!

অসম্ভব!

ধনে গরীব হলেও মনে তো তিনি গরীব হন নি!

হৃদয়ের প্রাচুর্যই তো বড় প্রাচুর্য!

তাহলে কেনো তিনি ধনের জন্যে মনকে কলুষিত করতে যাবেন— এই অকৃতজ্ঞদের কাছে?

খোযায়মা আবার ফিরে এলেন তার ‘ঘরের কবরে।’