hadith book logo

মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়ঃ কারণ ও প্রতিকার

লেখকঃ ড. আব্দুল্লাহ আল-খাতির • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

তিন. পার্থিব ঘনিষ্ঠতা বর্জন করা

যে সব বিষয় নিছক দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, আখেরাতের কোন ফায়েদা তাতে নেই, কিংবা আখেরাতের জন্য তা ক্ষতিকর, সেসব বিষয় থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সাথে সাথে আখেরাতের সাথে সম্পর্ক গভীর করতে হবে। অর্থাৎ পার্থিব লোভ-লালসা পরিত্যাগ করে নেক আমলের প্রতি মনোনিবেশ করতে হবে।

এক শ্রেণীর লোভাতুর মানুষ রয়েছে, যারা এসব বিষয়ের কোন বিবেচনা না করেই বিভিন্ন ভোজানুষ্ঠান, অলীমা, বৌভাবত যিয়াফত, চেহলাম, কুরআনখানির দাওয়াতের খোঁজে ঘুরে বেড়ায়। এদের সার্বক্ষণিক চিন্তা-ফিকিরই কেবল এসব অনুষ্ঠান। এদের ব্যক্তিগত ইমেজ ও আত্মমর্যাদাবোধ বলতে কিছুই নেই। এর ফলে তাদের ব্যক্তিত্বের প্রভাব ক্রমশঃ লোপ পেতে থাকে। ফলে এরা সামজে মর্যাদাহীনভাবে জীবন যাপন করে।

পক্ষান্তরে এমন বহু আলেম রয়েছেন যারা দাওয়াত যিয়াফতের লোভে ঘুরে বেড়ানো তো দূরের কথা, তাঁরা হাদিয়া গ্রহণ করতেও চিন্তা করেন। বিশেষ করে আত্মম্ভরী ও অহংকারী প্রকৃতির লোকদের হাদিয়া। কারণ, দুনিয়ার প্রতি তাঁদের কোন আকর্ষণ নেই, নেই কোন লোভ-লালসা। এজন্য তাঁরা সাধারণ মানুষের দৃষ্টিতে মহান ও উঁচু মর্যাদার অধিকারী হয়ে থাকেন। মানুষের উপর তাঁদের ব্যক্তিত্বের প্রখর প্রভাব সর্বদা বিরাজমান থাকে। আমরাও যদি তাঁদের পদাঙ্ক অনুসরণে পার্থিব লোভ-লাসা পরিত্যাগ করি, তাহলে মানব সমাজে আমরাও মাথা উঁচু করে সগৌরবে বসবাস করতে পারবো এবং দৃঢ় মনোবলের অধিকারী হতে পারবো। ইতিহাসে এর বহু নজীর বিদ্যমান। আগের দিনকার রাজা-বাদশাগণও নির্লোভ জ্ঞানী-গুণী দুনিয়া বিমুখ আলেমদের খুবই কদর করতেন।

একবার জনৈক বাদশা এক দরবারবিমুখ আলেমকে জিজ্ঞেস করলেন, আপনি আমার শাহী দরবারে আসেন না কেন?

আলেম সাহেব বললেনঃ আমি আপনার প্রশ্নের জবাব দেব, তবে তার আগে আমার জীবনের নিরাপত্তা দিতে হবে। বাদশা দাম্ভিক ও জালেম প্রকৃতির ছিল বিধায় উক্ত আলেমকে এমন আবেদন করতে হলো। বাদশা বললেনঃ ঠিক আছে, আপনার জীবনের নিরাপত্তা দেয়া হলো, আপনি নির্দ্ধিধায় বলতে পারেন।

এবার আলেম দৃঢ় মনোবল নিয়ে বললেনঃ আমি যদি স্বেচ্ছায় দরবারে না আসি, তাহলে আমাকে ডেকে পাঠাবেন না। আর আমি যদি নিজে আপনার কাছে কিছু না চাই, তাহলে আমার জন্য কিছু পাঠাবেন না। অর্থাৎ আলেম সাহেব কারণ না দর্শিয়ে তাকে না ডাকার আহবান জানালেন।

আলেম সাহেবের এমন জবাবে বাদশা ক্ষুদ্ধ হলেন বটে, কিন্তু পূর্ব অঙ্গীকারের কারণে ক্ষোভ সংবরণ করে গেলেন। বুঝে নিলেন, এ আলেমকে কখনো অনুগত করা যাবে না। বস্ত্ততঃ দুনিয়া বিমুখীতাই আমাদের মর্যাদাশীল জীবন, স্বকীয় ব্যক্তিত্ব ও আকশছোঁয়া মনোবল প্রদান করতে পারে।