hadith book logo

মৃত ব্যক্তির জন্য ইছালে ছাওয়াব শরীয়তের দৃষ্টিভঙ্গি

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৯-ওরস

ওরস বা উরস আরবী শব্দ। মূল অর্থ, বিবাহের জন্য কনেকে বরের গৃহে নিয়ে যাওয়া। বিবাহ ও বিবাহ উপলক্ষ্যে খানা-পিনাকে উরস বলা যায়। [সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ ১ম খন্ড] নব-বধূ বরণ বা নব-বর বরণ। পরিভাষায় মাজার বা কবর-কেন্দ্রিক মেলাকে ওরস বলা হয়। যারা কবর-কেন্দ্রিক ব্যবসা ও ইবাদত-বন্দেগী করে, ওরস তাদের জন্য একটা লাভ জনক বাণিজ্য। যারা ওরস করে তারা কবরবাসীদের জন্য ছাওয়াবের জন্য করে। আরো উদ্দেশ্য হল, কবর বা মাজারে শায়িতদের থেকে ফয়েজ ও বরকত লাভের বিশ্বাস। যারা এ সব মাজার ও কবরে আসেন, তাদের সকলের উদ্দেশ্য ইছালে ছাওয়াব নয় ; অনেকে নানা মকসুদ নিয়ে আসেন যা মাজারের নামে প্রসিদ্ধি পেয়েছে। ওরসে কী কী বিষয় থাকবে এর নির্দিষ্ট ধরাবাধা নিয়ম নেই। তবে, সাধারণত যা থাকে তা হল—গান-বাজনা, কবরে সেজদা, মারফতি গান ও বয়ান, তাবারুক বিতরণ, মীলাদ—ইত্যাদি। কারা ওরস করতে পারবে কারা পারবে না—এরও কোন নীতিমালা নেই। ব্যবসা বাণিজ্য এমনকি জন-সেবা করতে হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় ; কিন্তু এ ব্যবসার জন্য কোন অনুমতি লাগে না। যার ইচ্ছা যেখানে খুশি আয়োজন করতে পারে। তবে কবর বা মাজার হল এর জন্য উর্বর স্থান।