hadith book logo

মৃত ব্যক্তির জন্য ইছালে ছাওয়াব শরীয়তের দৃষ্টিভঙ্গি

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

১৩-এক মিনিট নীরবতা পালন

মৃত ব্যক্তির জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে দেখা যায় অভিজাত ও উচ্চ মহলে। বড় ধরনের কোন অনুষ্ঠানে, যেখানে সমাজের প্রখ্যাত ব্যক্তিবর্গ অংশ নেন, সেখানে যদি কোন মৃত ব্যক্তির সম্মান প্রদর্শনের জন্য কিছু করা হয়, তবে তাহল দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন। কখনো কখনো এক মিনিট নীরবতা পালন করার পর মুনাজাত করা হয়। কেন যে মৃত ব্যক্তিদের সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় তা প্রশ্নের ব্যাপার। যখন নীরবতা পালন করা হয় তখন আবার মুনাজাতের প্রয়োজন কি? এর উত্তর কয়েকটি হতে পারে : এক. যারা এমন করেন তারা জানেন যে, এক মিনিট নীরবতা পালনে মৃত ব্যক্তির কোন উপকার হয়নি। তাই একটু মুনাজাত করা হল, যদি আল্লাহ কবুল করেন। দুই. তারা চান যে, মৃত ব্যক্তির জন্য মুনাজাত করি। কিন্তু তারা যাদের কাছে দায়বদ্ধ, যাদের তল্পিবাহক তারা এটা পছন্দ করবে না, তাই তাদের পছন্দের দিকে তাকিয়ে এমন করেন। কেননা, পশ্চিমা ইহুদি-খ্রিস্টানগণ তাদের মৃতদের সম্মানে নীরবতা পালনের এমন সংস্কৃতি চর্চা করে। তিন. এমনও হতে পারে যে, আমাদের নেতা-নেত্রীরা এক মিনিট নীরবতা পালন করে তাদের পশ্চিমা গুরুদের এ মেসেজ দিতে চান যে, দেখ, আমরা মুসলিমরা কত উদার যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে তোমাদের ধর্মীয় অনুষ্ঠানও পালন করি। আর তোমরা এমন সংকীর্ণমনা যে, শুধু নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন কর। তাই আমরা তোমাদের অনুগত বান্দা হলেও উদারতায় তোমাদের চেয়ে এগিয়ে। চার. এমনও হতে পারে, আমাদের নেতা-নেত্রীরা মনে করেন, যদি এক মিনিট নীরবতা পালন না করে শুধু মুনাজাত করি তবে লোকে বলবে যে, সে মুসলিম। আর আমাকে কেউ মুসলিম বলবে, এটা তো একটা লজ্জার ব্যাপার ! এ ছাড়া নীরবতা পালনের আরো কোন কারণ থাকলে থাকতেও পারে।