hadith book logo

মৃত ব্যক্তির জন্য ইছালে ছাওয়াব শরীয়তের দৃষ্টিভঙ্গি

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৬-খতমে তাহলীল

খতম শব্দের অর্থ শেষ। তাহলীল শব্দের অর্থ লা-ইলাহা ইল্লাল্লাহ। অতএব খতমে তাহলীলের অর্থ হল লা-ইলাহা ইল্লাল্লাহ শেষ করা। পারিভাষিক অর্থে এক লাখ বা সোয়া লাখ বার লা-ইলা ইল্লাল্লাহ পাঠ করা। এ যেমন এককভাবে আদায় করা হয়, তেমনি কিছু সংখ্যক লোক একত্র হয়ে পাথর বা কোন দানা গুনে গুনে এ খতম আদায় করে থাকে। সাধারণত: কোন লোক ইন্তেকাল করলে তার আত্মার মাগফিরাতের জন্য এ খতমের আয়োজন করা হয়। অনেকে আবার নিজেই মৃত্যুর পূর্বে নিজের খতমে তাহলীল—এক লক্ষ বা সোয়া লক্ষ বার লা-ইলা ইল্লাল্লাহ—পড়ে নেন ; এবং নিকটজনকে বলে যান—আমি কিন্তু আমার খতমে তাহলীল আদায় করে গেছি, তাই আমার মৃত্যুর পর তোমাদের এ ব্যাপারে চিন্তা করতে হবে না। একাধিক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছেন : হুজুর, আমি যদি আমার সোয়া লাখ কালেমা পড়ে খতমে তাহলীল আদায় করে যাই তাহলে আদায় হবে না? আমার মৃত্যুর পর কি আবার আদায় করতে হবে? এ প্রশ্ন প্রমাণ করে যে, সমাজে একে আদায় করা জরুরি মনে করা হয় এবং স্নেহময়ী মাতা-পিতা তার সন্তানদের বোঝা হালকা করে মৃত্যুর পূর্বেই তা আদায় করে যেতে চান ; তার মৃত্যুর পর তার সন্তানদের যেন সোয়া লাখ কালেমার বোঝা বহন করতে না হয়।