hadith book logo

বিশ্বমানবতার প্রতি বিশ্বনবীর শাশ্বত অবদান

লেখকঃ সিরাজুল ইসলাম আলী আকবর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

৬। নেতৃত্বে বিপ্লবাত্মক পরিবর্তন:

বিশ্বনবী বিশ্বমানবের জন্য বিশ্ব আদর্শ হিসেবে দ্বীন ইসলাম পেশ করেই ক্ষান্ত হন নি, সেই সাথে সে আদর্শ বাস্তবায়নের জন্য একান্ত অপরিহার্য শর্ত হিসেবে পেশ করেছেন আদর্শবাদী নেতৃত্বের প্রয়োজনীয়তা। তাঁর দীনের তাওহীদী দাওয়াতের মূল আওয়াজই ছিল একমাত্র আল্লাহর দাসত্ব কবুল কর, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। একমাত্র আল্লাহর দাসত্ব অবলম্বন কর এবং আল্লাহদ্রোহী শক্তিকে উৎখাত কর।

সামাজিক ও রাষ্ট্রিয় জীবনে আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আনুগত্য ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র গড়ে উঠতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাওয়াত যেমন ছিল একমাত্র আল্লাহর দাসত্ব কবুল করার, তেমনি সেই সাথে দাওয়াত ছিল একমাত্র আল্লাহরই আনুগত্য করার। আর রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্যের অনুসঙ্গ হিসেবে। কেননা রাসূলের আনুগত্য না করে আল্লাহর আনুগত্য করা যায় না। এছাড়া অন্য কারো আনুগত্য করা যেতে পারে তখন যদি সে আনুগত্য কার্যত: আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যে পরিণত হয়। যে আনুগত্য আল্লাহ ও রাসূলের আনুগত্যে পরিণত হয় না, সে আনুগত্য কোনো ক্রমেই করা যেতে পারে না। কেননা তা তো কার্যত আল্লাহদ্রোহীতার শামিল।

তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়েই শুরুতেই যে দাওয়াত জনসম্মুখে পেশ করেছিলেন তা ছিল, দাসত্ব কর নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর এবং আল্লাহদ্রোহী ও আল্লাহর নির্ধারিত সীমা লংঘনকারী ব্যক্তিদের নেতৃত্ব উৎখাত কর। যুদ্ধ কর তাদের বিরুদ্ধে, যতক্ষণ না আল্লাহদ্রোহীদের দাসত্বজনিত ফিতনা অবলুপ্ত হয় এবং সর্বাত্মক সার্বভৌমত্ব ও আনুগত্য একমাত্র আল্লাহর জন্য নিশ্চিত হয়ে যায়।

দুনিয়ার মানুষের নিকট এ ছিল বিশ্বনবীর বিশ্ব বিপ্লবের আহ্বান। ফাসিক, ফাজির, কাফির, মুনাফিক, শোষক, যালিম ও স্বৈরাচার নেতৃত্বের অধীনে শতাব্দীকাল ধরে নির্যাতিত–নিষ্পেষিত মানবতার জন্য সার্বিক মুক্তির পয়গাম।