১
রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামাজিক বিপ্লবের স্বরূপ
লেখকঃ সিরজুল ইসলাম আলী আকবর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
আরব উপদ্বীপ ও মক্কা নগরে শেষ নবীর জন্ম হল কেন?
শিরক, পৌত্তলিকতা, যাযাবরত্ব ও নৈতিক অধঃপতনের দিক থেকে তুলনামূলকভাবে সবচাইতে বেশী অন্ধকারে নিমজ্জিত ছিল তদানিন্তন আরব উপদ্বীপ এবং বিশেষভাবে মক্কা নগরী। আল্লাহ তাআলা এ নগরেই তাওহীদী নূর এর আবির্ভাবের ব্যবস্থা করেছিলেন। কেননা এই মক্কা নগরই ছিল সেই নূরের মুখাপেক্ষী সবচাইতে বেশী। আর আরবদের কতগুলো মৌলিক মানবীয় গুণ এমন ছিল, যার দরুণ আল্লাহর দৃষ্টিতে তারা তাওহীদী আদর্শ ধারণ ও সমগ্র আরবে তার বিস্তার সাধনের মাধ্যম হওয়ার যোগ্য বিবেচিত হয়েছিল। তাদের হৃদয়-পাত্র ছিল স্বচ্ছ ও শুন্য, তখন পর্যন্ত তাতে কিছুই লিখিত হয়নি। তাই তাতে কিছু মুদ্রিত করা হলে তা সহজে মুছে যাবে না বলে আশা করা হয়েছিল। আরবরা ছাড়া তখনকার দুনিয়ার আপরাপর জাতি ও জনগোষ্ঠী নিজস্ব চিন্তা বিশ্বাস-দর্শন সম্পদে ছিল সমৃদ্ধ। আরবের যে মূর্খতা ছিল, তা মুছে ফেলা ছিল সহজ এবং নতুন আকীদা ও বিশ্বাসের বীজ বপন করা হলে তাদের মেধা তাকে উৎকর্ষিত ও বিকশিত করতে ছিল পরাঙ্গম। তারা ছিল সরল-সোজা ও এক কথার মানুষ, যা বলতো তা করতে ছিল দৃঢ় প্রতিজ্ঞ, এমনকি সেজন্য জীবন দিতে হলেও তাতে পিছপা হতনা আকাবার বায়আত করতে এসে আওস ও খাজরাজ বংশের লোকেরা বলেছিল আমরা আপনাকে মদীনায় নিয়ে যেতে চাই আমাদের ধন-সম্পদের বিপদ ও আমাদের সেরা লোকদের জীবন নাশের ঝুঁকি সহকারে। ইতিহাস সাক্ষ্য দেয়, তাঁরা তাদের প্রতিশ্রুতি পূর্ণমাত্রায় পূরণ ও রক্ষা করেছে তাতে একবিন্দুও ব্যতিক্রম দেখা যায়নি।