hadith book logo

যা না জানলেই নয়

লেখকঃ নোমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

কতিপয় অন্তর বিনষ্টকারী বিষয়

মানুষের সাথে সীমাতিরিক্ত মেলামেশা :

মানুষের সাথে প্রয়োজনের অতিরিক্ত মেলামেশা মানুষের আত্মার জন্য ক্ষতিকরণ। এর ফলে জাগতিক কথাবার্তা, অধিক হাসি-ঠাট্টা, খেল-তামাশা, সমালোচনা, মিথ্যা, অপবাদ ইত্যাদি সংঘটিত হয়ে থাকে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ﴾ [ الزخرف : 67]

‘‘সেদিন বন্ধুবর্গ একে অপরের শত্রু হবে, তবে আল্লাহ ভীরুরা নয়।’’ (সুরা যুখরুফ: ৬৭)

অনর্থক কথা বলা :

অতিরিক্ত কথার কারণে মানবাত্মা দুর্বল হয় এবং গুনাহের প্রবণতা বাড়তে থাকে। রাসূল স. বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। (বুখারি, মুসলিম)

অতিরিক্ত খাদ্যগ্রহণ :

অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করা মানবাত্মার জন্য খুবই ক্ষতিকরণ। এতে মানুষের কুপ্রবৃত্তির চাহিদা বেড়ে যায় এবং শয়তানি আত্মার প্রভাব বৃদ্ধি পায়। ফলে অন্যায় প্রতিরোধের ইচ্ছা দুর্বল হয়ে যায়। পক্ষান্তরে কম খাদ্য গ্রহণ করার দ্বারা আত্মা নরম হয় এবং নফ্সের কার্যক্ষমতা দুর্বল হয়। রাসূল স. বলেন, ‘‘মানুষ তার উদরের চেয়ে অধিক খারাপ আর কোন পাত্রকে পূর্ণ করে না। বনী আদমের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যা দ্বারা সে তার মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারে।’’ (তিরমিজি)

খারাপ বস্ত্তর দিকে অধিক দৃষ্টিপাত :

অনর্থক দৃষ্টি মানবাত্মার জন্য হুমকি স্বরূপ। দৃষ্টিই সকল গুনাহের প্রাথমিক স্তর। রাসূল স. বলেন, দৃষ্টি শয়তানের তীর। যে ব্যক্তি তার দৃষ্টিকে নিচু করে রাখে আল্লাহ তার অন্তরে এমন নূর দান করবেন, যার স্বাদ সে সর্বদা অনুভব করবে।

অতিরিক্ত নিদ্রা:

অধিক ঘুমের কারণে মানবাত্মার মৃত্যু ঘটে। দেহ ভারী হয়ে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, সময়ের অপচয় হয় এবং অলসতা ও অমনোযোগিতা বাড়তে থাকে।

অধিক আশা :

আশা এমন এক সমুদ্র যার কোন কুল কিনারা নেই। মানুষের অন্তরে হাজারও আশার জন্ম হয়। এর মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকে। একমাত্র মৃত্যুই তার আশার সমাপ্তি ঘটাতে পারে।

গাইরুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন :

গাইরুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন অন্তরের জন্য মারাত্মক ক্ষতিকরণ। গাইরুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা মানেই হল আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা, তাঁর রহমত থেকে বঞ্চিত হওয়া এবং মহৎ উদ্দেশ্য হাসিল করা থেকে বাদ পড়া। আল্লাহ বলেন, ‘‘তারা আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, যাতে করে ওরা তাদের সাহায্যকারী হয়। কখনই নয়। অচিরেই ওরা (উপাস্যরা) তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে আসবে।’’