hadith book logo

হিল্লা, তালাক ও ফতোয়া যে কথাগুলো না বললেই নয়

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

বিকৃত হিল্লা বিয়ে নিয়ে শরীয়তের সমালোচনা

রহিমা আক্তার শুরুতেই লিখেছেন, ‘সভ্য পৃথিবীতে অসংখ্য সঙ্কটের মধ্যে ফতোয়া একটি অনাকাঙ্ক্ষিত সমস্যা বা ঘটনা। ফতোয়া হচ্ছে একটি লাইসেন্সবিহীন রাষ্ট্রবিরোধী অস্ত্র, যা ধর্মের নামে ব্যবহার করা হচ্ছে। এ লাইসেন্সবিহীন ধর্মাস্ত্র বর্তমানে নিঃসন্দেহে সভ্য মানবসমাজের জন্য বিপজ্জনক তো বটেই, তার সঙ্গে মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজের জন্য এক ভয়ানক রূপরেখা। আর এ ফতোয়ার একটি কালো অধ্যায়ের নাম হলো হিল্লা বিয়ে।’

ইসলাম সম্পর্কে যারা ন্যূনতম জ্ঞান রাখেন তারাও জানেন, নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র বাস্তবসম্মত গ্যারান্টি দিয়েছে। ইসলামই প্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করে শান্তির সমাজ কায়েম করেছে। ইসলাম শুধু নারীর অধিকার প্রতিষ্ঠা করেই শেষ করে নি, নারীর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে যার পর নাই গুরুত্ব দিয়েছে। যখন আরবে নারীদের অধিকার দূরের কথা, কন্যাসন্তানদের জীবিত কবর দেয়া হতো, তখন ইসলাম ধর্মই নারীদের পূর্ণ মর্যাদা দেয়ার পাশাপাশি তাদের অধিকার সংরক্ষণ করেছে।