hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন আরবের অবস্থা ও তাঁর মক্কী জীবন

লেখকঃ মো. আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

নাম ও বংশ-পরিচয়:

মা আমিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম রাখলেন ‘আহমাদ’। এর অর্থ চরম প্রশংসাকারী। আর দাদা আবদুল মুত্তালিব তাঁর পৌত্র সর্বকালের প্রশংসিত হওয়ার আশায় তাঁর নাম রাখলেন ‘মুহাম্মাদ’ বা চরম প্রশংসিত।

পিতার নাম আব্দুল্লাহ। পিতার দিক থেকে বংশ তালিকা হল- মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদ মানাফ ইবন কুশাই ইবন কিলাব ইবন মুররাহ ইবন কা‘ব ইবনে লুয়াই ইবন গালিব ইবন ফিহর ইবন মালিক ইবন কিনানা ইবন খুযাইমা ইবন মুদরিকা ইবন ইলিয়াস ইবন মুযার ইবন নিযার ইবন মা‘আদ ইবন আদনান ইবন উদ। [ইবন হিশাম, আস সীরাতুন নাবুবিয়্যাহ, ১ম খণ্ড (বৈরুত: দারুল ফিকর, ১৯৯৪/১৪১৫), পৃ. ৩-৫।] এ পর্যন্ত বংশানুক্রম সর্বসম্মতিক্রমে প্রমাণিত। এখান থেকে আদম ‘আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরিক্রমায় মতভেদ রয়েছে।

মাতার নাম আমিনা। মাতার দিক থেকে তাঁর বংশপরিক্রমা হল- মুহাম্মদ ইবন আমিনা বিনত ওয়াহাব ইবন আবদ মানাফ ইবন যুহরা ইবন কিলাব। [আত তাবাকাতুল কুবরা, ১ম খণ্ড, পৃ. ৮১।]

অতএব দেখা যাচ্ছে যে, কিলাব ইবন মুররাহ পর্যন্ত পৌছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতা-মাতার বংশ এক হয়ে গেছে।