hadith book logo

ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা

লেখকঃ মুহাম্মাদ আবদুল্লাহ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

অষ্টম বিষয়: মুসলিম জাতির উপর কাফেরদের আধিপত্যের সমস্যা

মুসলিমদের উপর কাফেরদের কর্তৃত্বের বিষয়টি অনেক পুরাতন। সাহাবায়ে কেরাম বিষয়টিকে খুবই কষ্টকর মনে করেছেন; অথচ তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁদের মাঝেই বিদ্যমান ছিলেন। এই সমস্যায় আল্লাহ নিজেই আসমান থেকে এমন ফতোয়া পাঠিয়েছেন, যার মাধ্যমে প্রশ্নের উত্তর মিলে গেছে। উহুদ যুদ্ধে মুসলিমদের উপর কঠিন বিপদ নেমে এসেছিল। ফলে সাহাবীগণ ভীষণ কষ্ট পেয়েছিলেন। তাঁরা বলেছিলেন, কিভাবে মুশরিকরা আমাদের উপর এভাবে চড়াও হতে পারে এবং আমাদের উপর বিজয় লাভ করতে পারে; অথচ আমরা হকপন্থী আর তারা বাতিল পন্থী? [. একথা ইবনু আবী হাতেম সূরা আল ইমরানের তাফসীরে হাসান বাসরী রহ. থেকে বর্ণনা করেছেন, হা/১৮২২।] মহান আল্লাহ তাদের এই প্রশ্নের জবাব দিয়ে আয়াত নাযিল করে বলেন,

أَوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّى هَذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ

"তোমাদের ওপর যখন বিপদ এসে পড়লো তোমরা বলতে লাগলে, এ আবার কোথা থেকে এলো? তোমাদের এ অবস্থা কেন? অথচ (বদরের যুদ্ধে) এর দ্বিগুণ বিপদ তোমাদের মাধ্যমে তোমাদের বিরোধী পক্ষের ওপর পড়েছিল। হে নবী! ওদের বলে দাও, তোমরা নিজেরাই এ বিপদ ডেকে এনেছো। (তোমরা রাসূলের আদেশ ল‌ঙ্ঘণ করে গণীমত আহরণ চলে গেছিলে)।" (আল ইমরান: ১৬৫)

"তোমরা নিজেরাই এ বিপদ ডেকে এনেছো।" একথার ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ এভাবে দিয়েছেন:

وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ

"আল্লাহ তোমাদের কাছে (সাহায্য ও সমর্থনদানের) যে ওয়াদা করেছিলেন, তা পূর্ণ করেছেন। শুরুতে তাঁর হুকুমে তোমরাই তাদেরকে হত্যা করেছিলে। কিন্তু যখন তোমরা দুর্বলতা দেখালে এবং নিজেদের কাজে পারস্পরিক মতবিরোধে লিপ্ত হলে আর যখনই আল্লাহ‌ তোমাদের সেই জিনিস দেখালেন যার প্রতি তোমাদের ভালোবাসা ছিল (অর্থাৎ গনীমতের মাল), তখন তোমরা নিজেদের নেতার হুকুম অমান্য করে বসলে, কারণ তোমাদের কিছু লোক ছিল দুনিয়ার প্রত্যাশী আর কিছু লোকের কাম্য ছিল আখেরাত, তখনই আল্লাহ‌ কাফেরদের মোকাবিলায় তোমাদেরকে পিছিয়ে দিলেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। (আল ইমরান: ১৫২)

অতএব আসমানী এই ফতোয়া দ্বারা পরিস্কার হয়ে গেল যে, তাঁদের উপর কাফেরদের বিজয় লাভের মূল কারণ ছিল তারা নিজেরাই। আর তা হচ্ছে, নবীজীর নির্দেশ বুঝতে ব্যর্থতা ও মতানৈক্য। কিছু লোকের রাসূলের নির্দেশ লঙ্ঘণ এবং দুনিয়ার প্রতি লোভ। বিষয়টা এরকম ছিল যে জাবালে রুমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদল তীরন্দাজ নিয়োগ করেছিলেন। যাতে করে কাফেররা পিছন দিক থেকে মুসলিমদের উপর আতর্কিত হামলা করতে না পারে। কিন্তু মুসলিমদের প্রাথমিক আক্রমণে মুশরিকরা পরাজিত হয়ে পালাচ্ছিল। তা দেখে তীরন্দাজদের অনেকে ভেবেছিল যুদ্ধে তাদের জয় এসে গেছে, তাই নেতার আদেশ অমান্য করে গণীমত আহোরণের লোভে তারা পাহাড় ছেড়ে নেমে পড়ে। অর্থা‌ৎ দুনিয়ার সম্পদের মোহে তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) নির্দেশকে লঙ্ঘণ করে। [. দেখুন, বারা বিন আযেব রা. থেকে বর্ণিত। বুখারী, অধ্যায়: জিহাদ, অনুচ্ছেদ: যুদ্ধের সময় বিভেদ করা এবং নেতার আদেশ লঙ্ঘণ করা অন্যায়, ৪/২৬।]