hadith book logo

ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা

লেখকঃ মুহাম্মাদ আবদুল্লাহ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের পালনকর্তা। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদ, তাঁর পরিবারবর্গ ও সাহাবায়ে কেরামের উপর এবং কিয়ামত পর্যন্ত তাঁর পথে যারা মানুষকে আহবান জানিয়েছে তাদের উপর।

সম্মানিত পাঠক-পাঠিকা! এই পুস্তকটি মূলত: একটি বক্তব্য। মরক্কোর বাদশাহর আহবানে মসজিদে নববীতে এ বক্তব্যটি আমি পেশ করেছিলাম। তারপর শুভাকাংখী ভায়েরা লিখিত আকারে তা প্রকাশ করার জন্য আমাকে অনুরোধ করেন। তাদের আহবানে সাড়া দিয়েই এ পুস্তকের অবতারণা। আশা করি আল্লাহ এ দ্বারা মানুষকে উপকৃত করবেন।

আল্লাহ তায়ালা বলেন,

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

"আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। আমার নেয়ামত পূর্ণরূপে প্রদান করলাম এবং তোমাদের জন্য মনোনিত করলাম ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে।" (মায়েদা: ৩)

এ সম্মানিত আয়াতটি নাযিল হয়েছে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর বিদায় হজ্জে আরাফাত ময়দানে শুক্রবার দিবসে। উমার বিন খাত্তাব (রা.)এর বর্ণনায় হাদীছটি বুখারী ও মুসলিমে আছে। (দেখুন, বুখারী, অধ্যায়: ঈমান, অনুচ্ছেদ: ঈমান বাড়ে ও কমে। মুসলিম, অনুচ্ছেদ: তাফসীর, হা/৩০১৭)

আয়াতটি নাযিল হওয়ার সময় সেই দিবসের বিকেলে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরাফাতে অবস্থান করছিলেন। এই আয়াতটি নাযিল হওয়ার পর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৮১দিন বেঁচে ছিলেন।

এ আয়াতে আল্লাহ তায়ালা সুস্পষ্ট বিবরণ দিয়েছেন যে, তিনি আমাদের দ্বীনকে এমনভাবে পরিপূর্ণ করেছেন, যাতে ত্রুটির কোন অবকাশ নেই। আর তাতে কখনো কোন কিছু সংযোজন করারও প্রয়োজন নেই। এ কারণেই তিনি আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে পাঠিয়ে নবী-রাসূল আগমণের ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটিয়েছেন।

আল্লাহ আরো স্পষ্ট করেছেন যে, তিনি জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য যা পছন্দ করেছেন তা হচ্ছে 'ইসলাম'। অতএব এই ইসলামকে তিনি কখনোই অপছন্দ করবেন না। আর এই ইসলাম ব্যতীত মানুষের নিকট থেকে অন্য কিছুও তিনি গ্রহণ করবেন না। তাই তিনি অন্য স্থানে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন,

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

"যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন বা জীবন ব্যবস্থা অনুসন্ধান করবে, তার থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত।" (আল ইমরান: ৮৫)

তিনি আরো এরশাদ করেন,

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

"নিশ্চয় আল্লাহর নিকট মনোনিত দ্বীন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম।" (আল ইমরান: ১৯)

দ্বীনকে পরিপূর্ণ করার মাধ্যমে এবং তার যাবতীয় বিধি-বিধান বিশদরূপে বর্ণনা করার মাঝেই আছে ইহ-পরকালিন যাবতীয় কল্যাণ। এ জন্যেই আল্লাহ বলেন,

وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي

"আমার নেয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করলাম।" (মায়েদা: ০৩)

এই আয়াত সুস্পষ্ট প্রমাণ এ কথার যে, দুনিয়া ও আখেরাতে যতকিছুর প্রয়োজন মানুষ তার জীবনে অনুভব করবে, তার কোন কিছুরই বিবরণ দিতে ও উল্লেখ করতে ইসলাম বাদ রাখেনি।

এ দাবীটিকে প্রমাণ করার জন্য আমি এ পুস্তকে মানব জীবনের গুরুত্বপূর্ণ ও বড় বড় দশটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো। এর উপরেই আছে পার্থিব জীবনে সফলতার ভিত্তি। এমনকি দুনিয়া-আখেরাতে এ বিষয়গুলোই পৃথিবীবাসির জন্য অতিব গুরুত্বপূর্ণ। প্রতিটি বিষয় উল্লেখ করে কোন কোন ক্ষেত্রে বিশেষ সতর্কতাও উল্লেখ করা হবে। বিষয়গুলো হচ্ছে:

প্রথমত: তাওহীদ

দ্বিতীয়ত: উপদেশ

তৃতীয়ত: স‌ৎ আমল ও অন্যান্য আমলের মাঝে পার্থক্য

চতুর্থত: শরীয়তের আইনের কাছে সমর্পণ

পঞ্চমত: সামাজিক অবস্থা

ষষ্ঠত: অর্থনীতি

সপ্তমত: রাজনীতি

অষ্টমত: মুসলিম জাতির উপর কাফেরদের আধিপত্যের সমস্যা

নবমত: জনবল ও রসদ সামগ্রীতে কাফেরদের প্রতিহত করতে মুসলিমদের দূর্বলতা সমস্যা

দশমত: সমাজে মানুষের মাঝে বিভেদ

প্রতিটি সমস্যার জন্য কুরআন থেকে আমরা সমাধান উল্লেখ করব। ইন শা আল্লাহ।