hadith book logo

আল্লাহ তাআলার দশ অসিয়ত

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

চতুর্থ অসিয়তঃ অশ্লীলতা পরিহার করা

وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ .

‘‘প্রকাশ্যে হোক বা গোপনে অশ্লীল কাজের কাছে যাবে না’’

এটি এমন একটি অসিয়ত যার উপর নির্ভর করে মুসলিম পরিবার ও সমাজের পবিত্রতা, শৃংখলা, সুখ, পারস্পারিক আস্থা ও ভালোবাসা। এটি যেমন বাহ্যিকভাবে ব্যক্তি ও পরিবারকে পবিত্র রাখে তেমনি আধ্যাত্নিকভাবে তাকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখে।

সকল প্রকার অশ্লীলতা-বেহায়াপনাই অপরাধ। এ আয়াতে অশ্লীল কাজ বলতে জেনা-ব্যভিচার, নারী-পুরুষের অবাধ মেলা-মেশাকে বুঝানো হয়েছে। এটি গোপনে করা যেমন অপরাধ তেমনি প্রকাশ্যে করা বা করে প্রকাশ করা আরো বড় অপরাধ।

ব্যভিচার সম্পর্কে আল্লাহ অন্য আয়াতে বলেছেনঃ

وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

‘‘আর ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।’’ সূরা আল- ইসরা, আয়াত ৩২

শুধু যেনা-ব্যভিচার থেকে বিরত থাকতে বলা হয়নি, বরং তার ধারে-কাছে যেতেও নিষেধ করা হয়েছে। যা কছিু তার দিকে আহবান করে, তার দিকে যেতে উৎসাহ যোগায় তার সবগুলোই নিষিদ্ধ।

এমন অনেক মানুষ আছেন যারা এ সকল অশ্লীলতা থেকে পুত-পবিত্র থাকেন। কিন্তু অন্য লোকেরা এ গুলো করলে তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। মনে মনে ভাবেন, এরা করে করুক। তাতে আমার কি আসে যায়। এগুলো তাদের করা ছাড়া উপায় নেই। এ বয়সে বা এ সমাজে এগুলোর প্রয়োজন আছে, ইত্যাদি মানসিকতা পোষণ করেন। এ সকল মানুষদেরকে আল্লাহর এ বাণীটি শুনিয়ে দেয়া যায়ঃ

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آَمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآَخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

‘‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন তোমরা জান না।’’ সূরা আন- নূর, আয়াত ১৯