hadith book logo

ইলমে দীন অর্জনের পথ ও পদ্ধতি

লেখকঃ সালেহ ইবন আবদুল আযীয আলে শাইখ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

ইলম কীভাবে কোমলতা ও ধীর-স্থিরতা অবলম্বন করার মাধ্যমে অর্জন সম্ভব?

এখন আসি এই প্রশ্নের জবাবে ইলম কীভাবে কোমলতা ও ধীর-স্থিরতা অবলম্বন করার মাধ্যমে অর্জন সম্ভব? ইলম অর্জনের ক্রমধারা কি? অথবা ইলম অর্জনের সঠিক পদ্ধতি কি হওয়া উচিৎ?

জবাব: ইলমে দীন বা দীনের জ্ঞান নানা প্রকার। এর মধ্যে কিছু হচ্ছে- মৌলিক ইলম (উলুম আসলিয়্যাহ্‌)। আর কিছু হচ্ছে সহায়ক ইলম (উলুম মুসায়িদা)। কেউ কেউ সহায়ক ইলমগুলোকে মাধ্যম ইলম (উলুমুল আলা) বলেন। আবার কেউ কেউ শাস্ত্রিক ইলম (উলুম সিনাইয়্যা) বলেন।

মৌলিক ইলম হচ্ছে কুরআন ও সুন্নাহ’র ইলম তথা ইলমুত তাফসীর (তাফসীরবিদ্যা), ইলমুল হাদীস (হাদীসবিদ্যা), ইলমুল ফিক্‌হ (ইসলামি আইনশাস্ত্র)। এর পর ইলমুত্‌ তাওহীদ (আল্লাহর একত্বের বিদ্যা); যাকে আমরা কুরআন ও সুন্নাহর ইলম থেকে আলাদাভাবে উল্লেখ করে থাকি এই ইলমের মহান মর্যাদার কারণে। যদিও সবগুলো ইলমই কুরআন ও সুন্নাহ থেকে উৎসারিত।

সুতরাং আমাদের নিকট মৌলিক ইলম হচ্ছে তাফসীর, তাওহীদ, হাদীস, ফিকহ। আর সহায়ক ইলম হচ্ছে- উসুলুত্‌ তাফসীর (তাফসীর তত্ত্ব) বা কারো কারো পরিভাষা অনুযায়ী উলুমুল কুরআন (Quranic Sciences), উসূলুল্‌ হাদীস (হাদীস তত্ত্ব) বা কারো কারো মতানুযায়ী মুস্‌ত্বালাহুল হাদীস (হাদিসের পরিভাষা), উসূলুল্‌ ফিক্‌হ (ইসলামি আইনের মূলনীতি), নাহু (আরবী ব্যাকরণ) ও আরবী ভাষাজ্ঞানসমূহ।

এই ইলমগুলোকে অন্যভাবেও বিভাজন করা হয়। মৌলিক ইলম (উসুল) ও বিনোদনমূলক ইলম (মুলাহ)। মৌলিক ইলমের মধ্যে রয়েছে ইতোপূর্বে উল্লিখিত মৌলিক ইলম ও সহায়ক ইলমের সবগুলো। আর বিনোদনমূলক ইলম হচ্ছে সংবাদমূলক জ্ঞান, জীবনচরিত, বিরল ঘটনাবলী, কিস্‌সা-কাহিনী, ইতিহাস ইত্যাদি।