১
ইলমে দীন অর্জনের পথ ও পদ্ধতি
লেখকঃ সালেহ ইবন আবদুল আযীয আলে শাইখ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
এক: ইলমুত্ তাফসীর
ইলমুত্ তাফসীর এর ক্ষেত্রে ক্রমধারা অবলম্বন হলো- প্রথমে সংক্ষিপ্ত একটি তাফসীরগ্রন্থ দিয়ে আপনার অধ্যয়ন শুরু হবে। এই গ্রন্থের মাধ্যমে আপনি শুধুমাত্র আল্লাহর কালামের অর্থ জানার চেষ্টা করবেন। বিশেষতঃ আপনি যদি হাফেযে কুরআন হন তাহলে সংক্ষিপ্ত একটি তাফসীর পড়া আপনার জন্য সবচেয়ে উপকারী। এ পর্যায়ের ছাত্রদের জন্য আলেমগণ তাফসীরে জালালাইনকে বেশ গুরুত্ব দিতেন। নিঃসন্দেহে তাফসীরে জালালাইন খুব উপদায়ক। কিন্তু এ কিতাব পড়ার সময় আপনাকে সাবধান থাকতে হবে। কারণ, এর মধ্যে বেশ কিছু অপব্যাখ্যা রয়েছে। এই কিতাবটি রচনা করেছেন জালালুদ্দিন মাহাল্লি ও জালালুদ্দিন সুয়ুতি। মুফাস্সাল শ্রেণির সূরাগুলো (সূরা ক্বাফ-সূরা নাস) থেকে আপনি পড়া শুরু করবেন। যেহেতু এই সূরাগুলো প্রায়শঃ সালাতে শুনে থাকেন। সূরার অর্থ সংক্ষেপে বুঝে নিবেন। পুরো গ্রন্থটি মাত্র ছোট্ট দু’টি খণ্ড। আপনি পঞ্চাশ পৃষ্ঠা শেষ করার পর আপনার গোটা মুফাস্সাল শ্রেণির সূরাগুলোর অর্থ জানা হয়ে গেল। তখন সালাতে তিলাওয়াত শুনলে আপনি অর্থ বুঝতে পারবেন। এর মাধ্যমে সুস্পষ্ট ইলম আপনার হাসিল হয়ে গেলো।