hadith book logo

প্রতিপক্ষের মতামত খন্ডনে ইসলামি শিষ্টাচার

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

প্রতিপক্ষ বলতে আমরা কী বুঝি?

একজন ব্যক্তি বা গোষ্ঠি অথবা সংগঠনের প্রতিপক্ষ থাকে, থাকাটাই স্বাভাবিক। থাকে রাজনৈতিক প্রতিপক্ষ, ব্যবসায়ীক প্রতিপক্ষ, সামাজিক কর্তৃত্বের প্রতিপক্ষ। বলতে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানুষের প্রতিপক্ষ থাকে। এমনিভাবে থাকে নিকট প্রতিপক্ষ, থাকে দূর প্রতিপক্ষ। বক্ষমাণ নিবদ্ধে আমরা ইসলামের প্রসার ও দাওয়াতের ক্ষেত্রে প্রতিপক্ষের আচার-আচরণ নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য কিন্তু এটা নয় যে, এখানের বিতর্ক ও মতামত খন্ডনের যে আদব-কায়দাগুলো আলোচনা করা হবে তা শুধু প্রয়োগ করা হবে ইসলাম সংশ্লিষ্ট প্রতিপক্ষের সাথে আলোচনায়। বরং সকল প্রকার প্রতিপক্ষের সাথেই আলোচনা, বিতর্কে ও মতামত খন্ডনে এ শিষ্টাচারগুলো প্রয়োগ করা প্রয়োজন। এতে সমাজে শান্তি-শৃংখলা বিঘ্নিত হবে না। পরস্পরের মধ্যে মতের ভিন্নতাকে কেন্দ্র করে বৈরিতাও সৃষ্টি হবে না। হানাহানী থেকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র অনেকাংশেই রেহাই পাবে। পথ ও মতের ভিন্নতা থাকা সত্ত্বেবও সকলের মাঝে বজায় থাকবে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য ।