hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

অনুবাদকের আরজ

الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد :

দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনের জন্যে সর্বপ্রথম সঠিক আকীদাহ গ্রহণ অপরিহার্য। এ জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মক্কী জীবনের সম্পূর্ণ সময় মুশরিকদের বাতিল আকীদাহ বর্জন করে নির্ভেজাল তাওহীদের প্রতি আহবান জানিয়েছেন এবং এ পথে অক্লান্ত পরিশ্রম করেছেন। কারণ ইসলামে আকীদাহীন আমলের কোন মূল্য নেই। বর্তমান মুসলিম বিশ্বের অধিকাংশ সমাজের মুসলমানগণ সঠিক আকীদা থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা বহু সমস্যার সম্মুখীন। মুসলমানদের অধঃপতনের মূল কারণ হল দ্বীনের সঠিক আকীদা ও শিক্ষা বর্জন করে শির্ক, সূফীবাদ ও বিদআতে জড়িয়ে পড়া। বাংলাভাষী মুসলিম অঞ্চলগুলোতেও বয়ে যাচ্ছে শির্ক-বিদআতের সয়লাব। আমাদের সমাজে যারা আহলুস্ সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভূক্ত হওয়ার দাবী করে তাদের অধিকাংশই সঠিক আকীদাহ হতে অনেক দূরে। শুধু তাই নয়, কবর পূজার মদমত্তে পাগল হয়ে যারা পরনের কাপড়টুকুও ধরে রাখতে পারেনা তাদেরকেও সুন্নী বলে আখ্যায়িত করা হয়!!! আর এ কারণেই বিভ্রান্ত হচ্ছে আমাদের সমাজের অসংখ্য সরল প্রাণ মুসলমান।

এমন পরিস্থিতে কুরআন ও সহীহ হাদীছের আলোকে এমন বই-পুস্তক জরুরী, যা মানুষের আকীদাহ সংশোধনের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবে। ইমাম হাফেয বিন আহমাদ আল-হাকামী (রঃ) (মৃত ১৯৫৮ খৃষ্টাব্দ) আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাহ বর্ণনায় দুই শতাধিক প্রশ্নোত্তর সম্বলিত ‘‘আ’লামুস্ সুন্নাহ্ আল-মানসূরা’’ আরবী ভাষায় নামে একটি চমৎকার কিতাব রচনা করেছেন। বইটিকে নাজাতপ্রাপ্ত দলের আকীদা বর্ণনার ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বলা যেতে পারে। কারণ তাতে আকীদার মূল বিষয়গুলো অতি সহজ ও সংক্ষিপ্তভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি মাসআলার সাথে দলীলও উল্লেখ করা হয়েছে। যাতে পাঠকদের কাছে আকীদার বিষয়গুলো সুষ্পষ্টভাবে প্রকাশিত হয়। লেখক এখানে শুধু আহ্লুস্ সুন্নাত ওয়াল জামাআতের মাযহাব বর্ণনা করেছেন। আকীদার বিভিন্ন মাসআলায় তিনি বিদআতীদের কথার প্রতিবাদ করেছেন। তাদের বাতিল কথাগুলো বিস্তারিতভাবে উল্লেখ করেন নি। কারণ এ ব্যাপারে আলেমগণ ইতিপূর্বে বিশাল বিশাল পুস্তক রচনা করেছেন।

বিভিন্ন ভাষায় কিতাবটির অনুবাদ প্রকাশিত হয়েছে। তাই বাংলা ভাষী মুসলিম ভাইদের এ ধরণের বইয়ের যথেষ্ট প্রয়োজনীয়তা অনুভব করে বইটি বাংলায় অনুবাদের কাজে হাত দেই। অল্প সময়ের মধ্যে অনুবাদের কাজও শেষ হয়ে যায়।

আল্লাহর অশেষ মেহেরবাণীতে যথা সময়ে পুস্তকটি পাঠকের হাতে তুলে দিতে পেরে তাঁর শুকরিয়া আদায় করছি। বনী আদমের প্রতিটি কাজেই ভুল থেকে যায়। তাই বইটিতে কোন ভুল-ভ্রান্তি নজরে আসলে জানিয়ে বাধিত করবেন, যাতে করে পরবর্তীতে তা সংশোধন করা যায়।

হে আল্লাহ! এই বইয়ের লেখক, অনুবাদক, সম্পাদক ও ছাপানোর কাজে সহযোগিতাকারী, তত্বাবধানকারী এবং পাঠক-পাঠিকাদের সবাইকে উত্তম বিনিময় দানে ভূষিত কর। সকলকে মার্জনা কর এবং এ কাজটিকে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে কবূল কর। আমীন

আব্দুল্লাহ্ শাহেদ আল-মাদানী

মোবাইলঃ- ০১৭৩২৩২২১৫৯

সৌদি আরব- +৯৬৬৫০৩০৭৬৩৯০

ঈ-মেইলঃ- [email protected]