hadith book logo

ইখলাস

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ইখলাসের পরিচিতি:

ইখলাসের শাব্দিক অর্থ হল অন্য জিনিসের সংমিশ্রণের থেকে মুক্ত হয়ে নির্মল, পরিচ্ছন্ন ও আলাদা হওয়া, খালি করা, পরিস্কার করা। যেমন বলা হয়,

هذا الشيء خالص لك : أي لا يشاركك فيه غيرك والخالص من الألوان عندهم ما صفا ونصع . ويقولون خالصة في العشرة : صافاه

“এ জিনিসটি খালেসভাবে তোমার। অর্থাৎ এতে কারো অংশীদার নেই। খালেস রং বলতে বুঝায়, যা নির্মল ও পরিচ্ছন্ন করা হয়েছে। যেমন আরো বলা হয়, এটি খালেসভাবে দশজনের, অর্থাৎ শুধু দশজনের জন্যই বিশেষিত। [মাকাসিদুল মুকাল্লিফীন, পৃষ্ঠা ৩৫৯।]

যেমন কুরআনে এসেছে,

﴿وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا ١١٠ ﴾ [ الكهف : ١١٠ ]

“এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে”। [সূরা: আল-কাহফ: ১১০]

‘ইয্‌য ইবন আব্দুস সালাম রহ. বলেন, ইখলাস হচ্ছে, বান্দাহ কর্তৃক একমাত্র আল্লাহর জন্যই আনুগত্য করা, এতে মানুষের থেকে কোনো সম্মান ও মর্যাদা প্রত্যাশা না করা, দীনি কোনো ফায়েদা কামনা বা দুনিয়াবী কোন ক্ষতি থেকে রক্ষার কোনো আশা না করা। [মাজমু ‘উল ফাতাওয়া, ১১/৮১।]

সাহল ইবন আব্দুল্লাহ রহ. বলেন, বান্দাহর স্থিরতা, নড়াচড়া সব কিছুই একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে করার নাম হলো ইখলাস।

কেউ কেউ বলেন, অন্তরকে একমাত্র আল্লাহর জন্য খালি করাকে ইখলাস বলে। অর্থাৎ তিনি ব্যতীত অন্য কারো জন্য কোনো ব্যস্ততা না রাখা। আর এটা সর্বোচ্চ দরজার ইখলাস। [মাকাসিদুল মুকাল্লিফীন, পৃষ্ঠা ৩৫৮।]

আবার কেউ কেউ বলেন, ইখলাস হলো সৃষ্টজগতের কারো পর্যবেক্ষণ ও সমালোচনার ভয় না করে একমাত্র আল্লাহর জন্য আমল করা।

হারওয়ী রহ. বলেন, ইখলাস হচ্ছে, (শির্ক, বিদ‘আত ইত্যাদির) সংমিশ্রণ থেকে মুক্ত থেকে পরিচ্ছন্ন আমল করা।

কেউ কেউ বলেন, মুখলিস হলো যিনি তার অন্তরের সঠিকতা ও সততার জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে মানুষের সম্মান বা অসম্মানের কোনো পরোয়া করেন না। তার আমলের সামান্য পরিমাণও মানুষের কাছে প্রকাশ করেন না।

আবু আব্দুল্লাহ তুসতারী রহ. কে জিজ্ঞেস করা হলো, “কোন জিনিসটি নফসের সবচেয়ে বেশি কঠিন? তিনি বললেন, ইখলাস; কেননা এতে নফসের কোনো অংশ নেই”।

সুফইয়ান সাওরী রহ. বলেন, “আমার নিয়্যাতের চেয়ে কোন কিছুতে বেশি প্রচেষ্টা চালাই নি। এটা খুব দ্রুত পরিবর্তনশীল”। [কিতাবুল ইখলাস, আব্দুল আযীয আব্দুল লতিফ, সংগৃহীত।]

মোটকথা হলো, ইবাদত বন্দেগী, যাবতীয় সৎকর্ম সম্পাদন ও অসৎ কাজ থেকে বিরত থাকা ইত্যাদি সব কিছুই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করার নাম ইখলাস।