hadith book logo

সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী

লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

দ্বিতীয় নীতি: ফিরিশতাদের ওপর ঈমান

ফিরিশতাগণের প্রতি ব্যাপক ও বিশদভাবে ঈমান স্থাপন করতে হবে। একজন মুসলিম ব্যাপকভাবে এ ঈমান পোষণ করবে যে, আল্লাহ তা‘আলার বিপুল সংখ্যক ফিরিশতা রয়েছে। তাদেরকে তিনি নিজ আনুগত্যের জন্যে সৃষ্টি করেছেন। তাদের বর্ণনা দিয়ে তিনি বলেছেন যে, তারা আল্লাহর আগেভাগে কোনো কথা বলে না, বরং তারা সর্বদা তাঁর আদেশানুসারে নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿عِبَادٞ مُّكۡرَمُونَ ٢٦ لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ ٢٧ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ وَهُم مِّنۡ خَشۡيَتِهِۦ مُشۡفِقُونَ﴾ [ الأنبياء : 26-28]

“তারা আল্লাহর সম্মানিত বান্দা। তাঁর (আল্লাহর) আগেভাগে তারা কথা বলে না বরং তারা সর্বদা তাঁকেই আদেশানুযায়ী দায়িত্ব পালন করে। তাদের সম্মুখে এবং পশ্চাতে যা কিছু আছে সবকিছুই তাঁর জানা রয়েছে। যাদের পক্ষে সুপারিশ শুনতে আল্লাহ রাযী হবেন কেবল তাদের জন্যই তারা সুপারিশ করবে। আর ফিরিশতারা আল্লাহর ভয়ে সদা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে”। [সূরা আল-আম্বিয়া, আয়াত: ২৬-২৮]

আল্লাহর ফিরিশতাগণ অনেক প্রকার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তন্মধ্যে একদল তাঁর ‘আরশ উত্তোলন কাজে, অপর একদল জান্নাত-জাহান্নামের তত্ত্বাবধানে এবং আরেক দল মানুষের আমলনামা সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

আর আমরা বিশদভাবে ঐসব ফিরিশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করব, যাদের নাম আল্লাহ ও তাঁর রাসূল উল্লেখ করেছেন। যেমন, জিবরীল, মিকাঈল, মালিক- তিনি জাহান্নামের তত্ত্বাবধায়ক এবং ইসরাফীল- তিনি শিঙ্গায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। একাধিক সহীহ হাদীসে তার কথা উল্লেখ আছে।

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক সহীহ হাদীসে আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ফিরিশতাগণ নূরের সৃষ্টি, জিন্নকুল খাঁটি আগুন থেকে সৃষ্টি এবং আদমকে যা দিয়ে সৃষ্টি করেছেন তা আল্লাহ তা‘আলা (কুরআনের বিভিন্ন আয়াতে) তোমাদেরকে বলে দিয়েছেন”। ইমাম মুসলিম উক্ত হাদীসটি সহীহ সনদে স্বীয় গ্রন্থে বর্ণনা করেছেন।