১
সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী
লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
পঞ্চম নীতি: আখেরাত দিবসের ওপর ঈমান
আখেরাত সম্পর্কে আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত যাবতীয় সংবাদের প্রতি ঈমান স্থাপন আখেরাত দিবসের ওপর ঈমানের অন্তর্ভুক্ত। মৃত্যুর পর যা কিছু ঘটবে যেমন: কবরের পরীক্ষা, সেখানকার আযাব ও নি‘আমত, রোজ কিয়ামতের ভয়াবহতা ও প্রচণ্ডতা, পুলসিরাত, দাড়িপাল্লা, হিসাব-নিকাশ, প্রতিফল প্রদান, মানুষের মধ্যে তাদের আমলনামা বিতরণ: তখন কেউবা তা ডান হাতে গ্রহণ করবে আবার কেউবা তা বাম হাতে বা পিছনের দিক হতে গ্রহন করবে ইত্যাদি সবকিছুর ওপর ঈমান স্থাপন উক্ত ঈমানের আওতাভুক্ত। এতদ্ব্যতীত আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণের জন্য নির্ধারিত হাউজে কাউসার, জান্নাত-জাহান্নাম, মুমিন বান্দাগণ কর্তৃক তাদের রবের দর্শন লাভে এবং তাদের সাথে আল্লাহর কথোপকথনসহ অন্যান্য যা কিছু কুরআনে কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপনও আখেরাতের দিনের ওপর ঈমানের অন্তর্ভুক্ত। সুতরাং উপরোক্ত সব কয়টি বিষয়ের ওপর আল্লাহ ও তাঁর রাসূল কর্তৃক নির্দেশিত পন্থায় ঈমান আনয়ন করা আমাদের ওপর ফরয।