hadith book logo

কুরআন ও সুন্নাহের আলোকে মসজিদের ফযিলত, বিধি-বিধান ও আদাব

লেখকঃ ড. সাঈদ বিন আলী বিন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ইসলামী পরিভাষায় মসজিদ:

স্থায়ীভাবে সালাত আদায়ের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে, তাকে শরীয়তের পরিভাষায় মসজিদ বলে। [প্রফেসর ড. মুহাম্মাদ রুওয়াছ, মুজামু লুগাতিল ফুকাহা, পৃ: ৩৯৭।] শরিয়তের দৃষ্টিতে মসজিদের মূল অর্থ হল, ভূ-খণ্ডের এক টুকরো জায়গা যেখানে আল্লাহর জন্য সেজদা করা হয়। [আয-যারকশী, ই’লামুস সাজেদ বি আহকামিল মাসাজেদ পৃ: ২৭।] কারণ, যাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«.. وجُعِلَت لي الأرض مسجداً وطهوراً، فأيُّما رجل من أمّتي أدركته الصلاة، فليصلِّ »

“আমার জন্য জমিনকে মসজিদ ও পবিত্র করা হয়েছে। আমার উম্মতের কোন ব্যক্তিকে যেখানেই সালাত পেয়ে থাকে, সে যেন সেখানেই সালাত আদায় করে নেয়। [মুত্তাফাকুন আলাইই : সহীহ বুখারী, তাইয়াম্মুম অধ্যায়, পরিচ্ছেদ: হাদদাসানা আব্দুল্লাহ বিন ইউছুফ, হাদিস নং ৩৩৫; সহীহ মুসলিম, মাসাজেদ অধ্যায়, পরিচ্ছেদ: মাসাজেদ ও সালাতের স্থান সমূহের আলোচনা, হাদিস নং ৫২১।] এটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ বৈশিষ্ট্য। তার পূর্বে যারা নবী ছিলেন, তাদের জন্য সব স্থানে সালাত আদায় করার অনুমতি ছিল না, তাদেরকে শুধু মাত্র গির্জা ও উপাসনালয়ে সালাত আদায় করতে হত। [আল্লামা কুরতবী, আল-মুফহিম (সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে) ১১৭/২।]

আবু যর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দ্বারাও বিষয়টি প্রমাণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, «... وأينما أدركتك الصلاة فصلِّ، فهو مسجد » “যেখানেই তোমাকে সালাত পেয়ে বসে, তুমি সালাত আদায় কর, এটিই মসজিদ [মুত্তাফাকুন আলাইই : সহীহ বুখারী, কিতাবুল আম্বিয়া, পরিচ্ছেদ : আল্লাহ তা’আলার বাণী- [ وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ ] হাদিস নং ৪২৫, সহীহ মুসলিম, কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহ, হাদিস নং ৫২০।]”। ইমাম নববী রাহিমাহুল্লাহু বলেন, শরীয়ত যে সব স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছে, যেমন- কবরস্থান, নাপাক-স্থান, ময়লা আবর্জনা ফেলার স্থান ইত্যাদি ছাড়া বাকী সব জায়গায় সালাত আদায় করা জায়েয আছে। অনুরূপভাবে যে কোন কারণেই হোক যে সব স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন, যেমন- উট বাঁধার স্থান, মানুষের চলাচলের স্থান, গোসলখানা ইত্যাদি, সে সব স্থানে সালাত আদায় করা যাবে না। [শারহুন নববী ’আলা সহীহ মুসলিম ৫/৫।] আর জামে‘ হল, মসজিদের একটি গুণ। এ নামে নামকরণ করার কারণ হল, মসজিদ মুসল্লীদের একত্র করে বা মসজিদে মুসল্লীরা একত্র হয়। অথবা মসজিদ হল লোকজনের একত্র হওয়ার আলামত। এ কারণেই মসজিদকে জামে‘ মসজিদ বলা হয়ে থাকে। [দেখুন: আল্লামা ইবনে মানজুর, লিসানুল আরব, আইন অধ্যায়, জিম পরিচ্ছেদ: ৫৫/৮।] যে মসজিদে জুমুআ‘র সালাত আদায় করা হয়, সে মসজিদকেও জামে‘ মসজিদ বলা হয়; যদিও মসজিদ ছোট হয়। কারণ, নির্দিষ্ট সময়ে এ মসজিদটি মানুষকে একত্র করে।