hadith book logo

মসজিদে গমন শিষ্টাচার ও প্রভাব

লেখকঃ সালেহ ইবন হামেদ আর-রিফা‘ঈ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

প্রথমত: বের হবার পূর্বে গৃহের অভ্যন্তরে ১. আল্লাহ তা‘আলার জন্য খালেস নিয়ত

যেহেতু নিয়তের ওপর আমলসমূহ কবুল হওয়া নির্ভর করে এবং একে কেন্দ্র করেই সাওয়াব ও শাস্তি নির্ধারিত হয়। আর এ সম্পর্কে সহীহ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«ِنَّمَا الأَعْمَال بِالنِّيَّاتِ وَإِنَّمَا لكُل امْرِئٍ مَا نَوَى»

“প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল। আর প্রত্যেকে যা নিয়ত করে তা পায়।” [সহীহ বুখারী (১/৯), হাদীস নং, ১; সহীহ মুসলিম (৩/১৫১৫), হাদীস নং, ১৯০৭।]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন:

«مَنْ أَتَى الْمَسْجِدَ لِشَيْءٍ فَهُوَ حَظُّهُ»

‘‘যে ব্যক্তি মসজিদে কোনো কিছু অর্জনের জন্য আসে, তখন সে সেটারই অংশীদার হয়”। ইমাম আবু দাউদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। [সুনান আবি দাউদ (১/৩২০), হাদীস নং, ৪৭২; সুনান আবি দাউদ, হাদীস নং ৪৪৭।]

অতএব, হে ভাই! তুমি তোমার নিজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হওয়াটাকে মহান আল্লাহর আদেশের অনুকুলে এবং তাঁর নিকট থেকে প্রতিদান ও সাওয়াবের প্রত্যাশায় স্থির কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বক্তব্যকে মনে হাযির কর যাতে তিনি বলেন,

«صلاة الرجل في الجماعة تضعف على صلاته في بيته وفي سوقه خمساً وعشرين ضعفاً، وذلك أنه إذا توضأ فأحسن الوضوء، ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفع له بها درجة وحط عنه بها خطيئة»

“জামা‘আতবদ্ধভাবে সালাত আদায় করা বাড়ীতে এবং বাজারে সালাত আদায়ের পঁচিশ গুণ বেশী। আর তা এভাবে যে, যখন সে অযু করে এবং উত্তমরূপে অযু করে, অতঃপর মসজিদের দিকে বের হয়, আর তা শুধুমাত্র সালাত আদায়ের জন্যই হয়। তখন তার প্রত্যেক পদাঙ্কে একটি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং তার একটি অপরাধ মার্জনা করা হয়”। [সহীহ বুখারী (২/১৩১), হাদীস নং ৬৪৭; সহীহ মুসলিম (১/৪৫৯), হাদীস নং ৬৪৯।]

বরং উচিৎ হলো, তোমার আকাঙ্খাকে উন্নতির চরম পূর্ণতার দিকে নিয়ে যাবে। আর তাহলো তুমি যে দিন মহান আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন যে সাত ব্যক্তি ছায়া পাবে তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালাবে। যাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর তিনি তাদের মধ্যে ঐ ব্যক্তিকে উল্লেখ করেছেন,

«ورجل قلبه معلق بالمسجد»

‘‘আর এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে” রহ.। [প্রাগুক্ত, বুখারী (২/১৩৪), হাদীস নং-৬৬০; মুসলিম (২/৭১৫), হাদীস নং ১০৩১।]

আর তার অর্থ হলো: মসজিদের জন্য অত্যধিক ভালোবাসা থাকা এবং সেখানে জামা‘আতের সাথে সালাত আদায়কে অত্যাবশ্যক করে নেওয়া।