hadith book logo

সূফীবাদ কুরআন ও সুন্নাহ-এর মানদণ্ডে

লেখকঃ মুহাম্মাদ জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

শয়তানের আউলিয়া

গোনাহের ওপর আস্ফালন করা কিংবা গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ফাসিক ও মুশরিকদের কাজ। এ ধরনের পাপী/মুশরিক ব্যক্তি কী করে সম্মানিত আউলিয়াদের অন্তর্ভুক্ত হতে পারে? অনুরূপভাবে কারামত বাপ–দাদার পৈত্রিক সম্পত্তি সূত্রেও হয় না; বরং তা ঈমান ও নেক কর্ম দ্বারা হয়। এমনিভাবে কারামত প্রকাশ পেতে পারে না কোনো বিকৃতকারীর হাতে। যারা তাদের গায়ে তরবারীর আঘাত করা অথবা আগুন খেয়ে ফেলার দ্বারা কারামতের দাবী করে। কেননা তা শয়তান ও অগ্নিপূজকদের কাজ। তাদের দ্বারা এ জাতীয় কিছু সংঘটিত হওয়া (আল্লাহর পক্ষ থেকে) ইস্তেদরাজ বা ছাড় প্রদান মাত্র, যেন তারা ভ্রষ্টাতায় নিপতিত হয়ে পড়ে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿مَن يَعۡشُ عَن ذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ نُقَيِّضۡ لَهُۥ شَيۡطَٰنٗا فَهُوَ لَهُۥ قَرِينٞ ٣٦﴾ [ الزخرف : ٣٦ ]

“যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমরা তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।” [সূরা আয-যুখরুফ, আয়াত: ৩৬]

এ ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নি এবং তাঁর পরে তাঁর সাহাবীগণও তা করেন নি। সেটি নতুন আবিষ্কৃত বিদ‘আতের অন্তর্ভুক্ত, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»

“তোমরা নবাবিষ্কৃত বিষয়াদি থেকে বেঁচে থাকো। কেননা সকল নবাবিষ্কৃত বিষয়ই হচ্ছে বিদ‘আত। আর প্রত্যেক বিদ‘আতের পরিণাম ভ্রষ্টতা।” [তিরমিযী (হাসান সহীহ)।]

ভারতবর্ষের কাফিরগণ এর চেয়ে বেশি (অলৌকিক কাণ্ড করে থাকে। যেমনটি ইবন বাতুতা তার ভ্রমণ কাহিনীতে এবং শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. স্বীয় কিতাবসমূহে তাদের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। তবুও কি আমরা তাদের তরফ থেকে বলব যে, তাদের আউলিয়াদের কারামত রয়েছে (?) বরং এটি শয়তানী কর্ম। এর সম্পাদনকারীকে কঠিনভাবে ভ্রষ্টতায় নিক্ষেপের জন্য এটি একটি ছাড় মাত্র। এ প্রসঙ্গে মহান আল্লাহ তা‘আলা বলেন,

﴿قُلۡ مَن كَانَ فِي ٱلضَّلَٰلَةِ فَلۡيَمۡدُدۡ لَهُ ٱلرَّحۡمَٰنُ مَدًّا﴾ [ مريم : ٧٥ ]

“বলুন! যারা গুমরাহীতে আছে, দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দিবেন।” [সূরা মারইয়াম, আয়াত: ৭৫]