রাসূলুল্লাহ ﷺ সলাত শেষ করে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করার পর বললেন : আমি এ স্থান থেকে যা দেখতে পেলাম, তা এর পূর্বে দেখিনি, এমন কি জান্নাত ও জাহান্নাম। আর আমার কাছে ওয়াহী পাঠান হয়েছে যে, নিশ্চয়ই তোমাদেরকে কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মত অথবা বলেছেন তার কাছাকাছি* ফিতনায় ফেলা হবে। বর্ণনাকারী বলেন, (‘মিসলা’ ও ‘কারীবান’) দু’টির মধ্যে কোনটি আসমা (রাযি.) বলেছেন, তা আমার মনে নেই। তোমাদের এক একজনকে উপস্থিত করা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, এ ব্যক্তি সম্পর্কে কী জান? তখন মু’মিন বা ‘মুকিন’ (বিশ্বাসী) বলবেন- বর্ণনাকারী বলেন, আসমা (রাযি.) ‘মু’মিন’ শব্দ বলেছেন, না ‘মুকীন’ তা আমার মনে নেই, তিনি হলেন, রাসূলুল্লাহ ﷺ, সুস্পষ্ট দলীল ও হিদায়াত নিয়ে আমাদের কাছে এসেছিলেন, আমরা তাতে সাড়া দিয়ে ঈমান এনেছি এবং তাঁর অনুসরণ করেছি। অতঃপর তাঁকে বলা হবে, তুমি পুণ্যবান বান্দা হিসেবে ঘুমিয়ে থাক। আমরা অবশ্যই জানতাম যে, তুমি দৃঢ়বিশ্বাস স্থাপনকারী ছিলে। আর মুনাফিক বা মুরতাব (সন্দেহকারী), বর্ণনাকারী বলেন, আসমা (রাযি.) ‘মুনাফিক’ না ‘মুরতাব’ বলেছিলেন তা আমার মনে নেই, সে শুধু বলবে, আমি কিছুই জানি না। আমি লোকদের কিছু বলতে শুনেছি এবং আমিও তাই বলেছি।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, সূর্যগ্রহণের সলাতে পুরুষদের সাথে মহিলাদেরও অংশগ্রহণ করা বৈধ। ইমাম বুখারী (রহ.) এর মাধ্যমে সেসব লোকের উক্তি খন্ডন করেছেন যারা এ সলাতে পুরুষদের সাথে মহিলাদের অংশগ্রহণ নিষেধ করেন এবং বলেন মহিলা একাকী বা আলাদাভাবে পড়বে।
*১. শায়খ বিন বায (রহ.) বলেন : ‘আয়িশাহ (রাযি.) তাসবীহ ও ইশারা দুটোই করেছেন। প্রশ্নের জবাব ইশারায় বুঝিয়ে দেয়া গেলে কোন অসুবিধা নেই।
*২. শায়খ বিন বায (রহ.) বলেন : কেননা, তা ভয়াবহ এবং অধিকাংশ লোক এ ফিতনায় পড়বে। (বাংলা পাঠের *১ “বললেন।*” ও *২ “কাছাকাছি*” তারকা-চিহ্নের পাদটীকা, পৃষ্ঠা ৮৩)
হাদীস থেকে শিক্ষা
১। সলাতরত ব্যক্তিকে প্রশ্ন করলে বা সালাম দিলে ইশারায় জবাব দেয়া বৈধ; কিন্তু মুসল্লী কোন কথা বলবে না।
২। নাবী ﷺ সূর্যগ্রহণের সলাত দির্ঘায়িত করেছেন, এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কতিপয় লোকের বেহুশ হওয়ার উপক্রম হয়েছিল।
৩। সলাতের অবস্থায় নিজেই নিজের চিকিৎসা করা জায়িয, যা তার সলাতকে বাতিল করবে না। কেননা, আসমা (রাযি.) বেহুশীর কারণে মাথায় পানি ঢেলেছিলেন।
৪। সূর্যগ্রহণের সলাতের পর খুৎবাহ দেয়া শরীয়তসম্মত।
৫। কবরের ফিতনা সাব্যস্ত।
৬। দাজ্জালের ফিতনা ভয়াবহ। সে শেষ যামানায় বের হবে।