শিরোনাম দ্বারা উদ্দেশ্য : ফজরের সুন্নাতের প্রতি গুরুত্বদান। আর এটা বুঝানো যে, এটি সুন্নাত, নফল ও মুস্তাহাবের পর্যায়ভুক্ত। ওয়াজিব নয়।
হাদীস থেকে শিক্ষা : ফজরের দুই রাক‘আত সুন্নাতের প্রতি গুরুত্বদান। নাবী ﷺ এ দুই রাক‘আত ছাড়তেন না সফরে হোক কিংবা মুকীম অবস্থায়। সুন্নাতে রাওয়াতিব (ধারাবাহিক সুন্নাত) এর মধ্যে এ দুই রাক‘আত বিশেষ গুরুত্ববহ। এ দুই রাক‘আতে পঠিতব্য নির্দিষ্ট সূরার কথাও বর্ণিত আছে। তা হল- সূরাহ কাফিরুন ও সূরাহ ইখলাস। এর দ্বারা বিশেষভাবে এটাই বুঝানো হয়েছে যে, এ দুই রাক‘আত সংক্ষেপে আদায় করবে। নাবী ﷺ বলেন : “এ দুই রাক‘আত দুনিয়া ও দুনিয়ার মধ্যকার যাবতীয় বস্তু থেকে উত্তম।” (সহীহুল বুখারী, সহীহ মুসলিম)