hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১২

২. ঈমান

صحيح البخاري

* ঈমান পরিচিতি : ঈমান আরবী শব্দ। এর অর্থ : বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, তাক্বদীরের ভাল-মন্দ এবং আখিরাতে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়-(সূরাহ আল-বাক্বারাহ; ২৮৫, সহীহুল বুখারী, সহীহ মুসলিম, তিরমিযী, আহমাদ, ইবনু মাজাহ)

যিনি উপরোক্ত বিষয়গুলোর প্রতি অন্তরে দৃঢ় বিশ্বাস পোষণ করেন, মৌখিকভাবে এর স্বীকৃতি দেন এবং বাস্তবে সেই মোতাবেক ‘আমল করেন- তাকে বলা হয় ঈমানদার।

ঈমান কেবল মনের ব্যাপার এ কথা সঠিক নয়। ইমাম হাসান আল-বাসরী (রহ.) বলেন : শুধুমাত্র মনের ইচ্ছা কিংবা বাইরের সাজ পোশাকই ঈমান নয়, বরং তা হল মনের দৃঢ়তা এবং ‘আমলের মাধ্যমে তাকে সত্যায়িত করা। ইমাম শাফিঈ (রহ.) বলেন : ঈমান হল মৌখিক স্বীকৃতি ও কাজে পরিণত করার নাম- (ফাতহুল বারী ১/৬৪)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহ.) বলেন : ঈমান হচ্ছে (আল্লাহ ও তাঁর রাসূলের) আদেশাবলী কর্মে সম্পাদন করা এবং যাবতীয় নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থাকা। ইমাম বুখারী (রহ.) বলেন : ‘আমলের কারণে ঈমানদারদের সম্মানের তারতম্য হয় - (সহীহুল বুখারী)।

১/৬ পরিচ্ছেদঃ

১/৬

بَابُ

১২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ﵄: «أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ ﷺ: أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ؟ قَالَ: تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ».
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা ও অচেনা সবাইকে সালাম দিবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : শিরোনাম হাদীসের শব্দ থেকেই গৃহীত।

হাদীস থেকে শিক্ষা

১। খাদ্য খাওয়ানোর প্রতি উৎসাহদান। এটি উত্তম চরিত্রের পরিচায়ক ও সুসম্পর্ক গঠনে সহায়ক।

২। সব মুসলিমের মাঝে সালামের ব্যাপক প্রচলন করা এবং এতে বিশেষ কাউকে নির্দিষ্ট না করা। কেননা সব মুসলিম ভাই ভাই। ভ্রাতৃত্বের দৃষ্টিকোণ থেকে সবাই সমান।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৮, ৬২৩৬; মুসলিম হা/৪২, আহমাদ হা/৬৭৬৫, আবূ দাউদ হা/৫১৯৪, ইবনু মাজাহ হা/৩২৫৩, নাসায়ী ৮/১০৭, বুখারীর আল-আদাবুল মুফরাদ হা/১০১৩। (আ.প্র. ১১, ইফাবা. ১১, তাওহীদ পাব. ১২)